
ক্রীড়া প্রতিবেদক
২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে গতকাল সেঞ্চুরির দেখা পেয়েছেন উঠতি অলরাউন্ডার এস এম মেহরব। স্বীকৃত ক্রিকেটে ৪০ ইনিংসে ৬ ফিফটির পর এটিই তার প্রথম শতরান। মেহরবের সেঞ্চুরির দিনে আরেক ম্যাচে ৫ উইকেট নেন নাসুম আহমেদ। চলতি লিগে প্রথম রাউন্ডে না খেললেও দুর্দান্ত পারফরম্যান্সে এখন পর্যন্ত ৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। খুলনার বিপক্ষে বল হাতে ৬ উইকেট নিয়েছেন ময়মনসিংহের পেসার ইয়াসিন আরাফাত। তবে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনেও বল মাঠে গড়ায়নি ঢাকা ও বরিশালের ম্যাচে।
বগুড়া অফিস জানায়, শহীদ চাঁন্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে রাজশাহীর প্রথম ইনিংসে করা ২৩১ রানের জবাবে ৩ উইকেটে ১২২ রান তুলে দিন শেষ করেছে রংপুর বিভাগ। তারা এখনো পিছিয়ে ১০৯ রানে। ৫৯ রানে অপরাজিত আছেন অনিক সরকার। সাথে ৪৫ রানে অপরাজিত ইকবাল হোসেন। আগের দিনে ৬ উইকেটে ১৫৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা রাজশাহী অলআউট হয় ২৩১ রানে। আগের দিন ৮২ রানে অপরাজিত মেহেরব সেঞ্চুরি করে আউট হন ১০১ রানে। তার সাথী নাহিদুজ্জামান সাজঘরে ফিরেছেন ৫৭ রানে। রংপুরের মেহেদী হাসান নেন ৪টি উইকেট।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির পরও ইনিংস খুব বড় হয়নি খুলনার। তবে ময়মনসিংহের অবস্থা আরো করুণ। তাদের প্রথম ইনিংস শেষ ১০৮ রানেই। ফলো-অনের পর দ্বিতীয় ইনিংসেও শেষ বিকেলে জোড়া ধাক্কা হজম করেছে তারা। আগের দিনের ৮ উইকেটে ২৮০ রান নিয়ে দিন শুরু করে খুলনা আর কোনো রান যোগ না করেই অলআউট হয়। ১০৪ রানে দিন শুরু করা নুরুল হাসান সোহান আউট হন ওই রানেই। সোহানকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন ইয়াসিন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই স্বাদ পেলেন তিনি তৃতীয়বার। ২৮ বছর বয়সী দীর্ঘদেহী পেসার পরে শেষ উইকেটটিও নেন।
ময়মনসিংহ ব্যাটিংয়ে নেমে ১০৮ রানেই অলআউট। ইনিংস পরাজয় এড়াতেই এখনো ১২৩ রান প্রয়োজন ময়মনসিংহের।
আগের দিন সিলেটকে ২১৮ রানে থামিয়ে দেয়া চট্টগ্রাম দ্বিতীয় দিনে লিড নেয়ার পথেই ছিল। এক পর্যায়ে তাদের রান ছিল ৩ উইকেটে ১৫০। এরপর নাসুম আহমেদের দারুণ বোলিংয়ে ২১০ রানেই অলআউট হয় চট্টগ্রাম। এবারের লিগে দ্বিতীয়বার ও ক্যারিয়ারে ত্রয়োদশবার ৫ উইকেট নেন নাসুম। ৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৮৯ রান নিয়ে দিন শেষ করে সিলেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








