খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

ফেডারেল মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্টের অনুমোদনের পর খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে পাকিস্তানের ফেডারেল সরকার। গতকাল রোববার এ সিদ্ধান্ত কার্যকর হয়। এর ফলে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের ক্ষমতা কার্যত স্থগিত হয়ে পড়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে জানান, মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট হাউজের এক বিবৃতিতে বলা হয়, সংবিধানের ২৩২ ও  ২৩৪ অনুচ্ছেদের আওতায় এসব ব্যবস্থা অনুমোদন করা হয়েছে। অনুচ্ছেদ দু’টি যথাক্রমে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন ঘোষণাসংক্রান্ত। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে কেপির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অবহিত করার পরপরই এ সিদ্ধান্ত এল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভার সদস্যরা পরিস্থিতি পর্যালোচনা করে সন্ত্রাসবিরোধী লড়াই থেকে প্রাদেশিক সরকারের ইচ্ছাকৃত সরে দাঁড়ানোর বিষয়টি আমলে নেন।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সদস্যরা প্রস্তাব দেন, প্রধানমন্ত্রী যেন প্রেসিডেন্টকে সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের আওতায় তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে প্রদেশে জরুরি অবস্থা জারির পরামর্শ দেন।
অনুমোদনের পর ফেডারেল সরকার ড. মুহাম্মদ ফখর আলম ইরফানকে কেপির মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে। পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (পিএএস) গ্রেড-২২ কর্মকর্তা ড. ইরফান এর আগে ফেডারেল জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন। তার বাড়ি মারদানে।
সংবিধানের ২৩২ অনুচ্ছেদে প্রদেশে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধ বা বহিরাগত আগ্রাসনে, কিংবা প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণের বাইরে অভ্যন্তরীণ বিশৃঙ্খলায় পাকিস্তান বা এর কোনো অংশের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে প্রেসিডেন্ট সন্তুষ্ট হলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 
তবে প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণের বাইরে অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে এ অনুচ্ছেদ প্রয়োগ করতে হলে ওই প্রদেশের প্রাদেশিক পরিষদের প্রস্তাব প্রয়োজন। প্রেসিডেন্ট নিজের উদ্যোগে কাজ করলে, যা বর্তমানে হয়নি, জরুরি অবস্থার ঘোষণা ১০ দিনের মধ্যে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদনের জন্য উপস্থাপন করতে হবে। এই বিধান অনুযায়ী, জরুরি অবস্থা ঘোষণার সময় ফেডারেল আইনসভার তালিকাভুক্ত নয়, এমন যেকোনো বিষয়ে প্রদেশ বা এর কোনো অংশের জন্য আইন করার ক্ষমতা পার্লামেন্টের থাকবে। সংবিধানের দেয়া ক্ষমতার আওতায় আইন প্রণয়নে প্রাদেশিক পরিষদের ক্ষমতা এই অনুচ্ছেদে সীমিত হবে না। তবে প্রাদেশিক আইনের কোনো বিধান পার্লামেন্টের আইনের সাথে সাংঘর্ষিক হলে পার্লামেন্টের আইন কার্যকর থাকা পর্যন্ত তা প্রাধান্য পাবে এবং প্রাদেশিক আইন বাতিল হবে। 
অন্য দিকে ২৩৪ অনুচ্ছেদে প্রদেশে সাংবিধানিক যন্ত্র ব্যর্থ হলে গভর্নরের শাসন জারির বিধান রয়েছে। গভর্নরের শাসন জারির জন্য প্রেসিডেন্টের কেবল প্রাদেশিক গভর্নরের অনুরোধ প্রয়োজন বলে এতে বলা আছে। সংবিধানে বলা হয়েছে, এই অনুচ্ছেদের আওতায় জারি করা ঘোষণা যৌথ অধিবেশনে উপস্থাপন করতে হবে। দুই মাস পার হলে তা কার্যকারিতা হারাবে, যদি না এর আগে যৌথ অধিবেশনের প্রস্তাবে অনুমোদিত হয়। একই ধরনের প্রস্তাবে একবারে সর্বোচ্চ দুই মাস করে বাড়ানো যাবে। তবে কোনো ক্ষেত্রেই এ ধরনের ঘোষণা ছয় মাসের বেশি কার্যকর থাকতে পারবে না। জরুরি অবস্থার সময় প্রেসিডেন্টকে কিছু মৌলিক অধিকার স্থগিত করার ক্ষমতা দেয়া ২৩৩ অনুচ্ছেদ প্রেসিডেন্ট জারদারির সই করা সারসংক্ষেপে উল্লেখ করা হয়নি।
খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির ঘটনা পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও পিটিআইয়ের মধ্যে চলমান রাজনৈতিক বিরোধের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। প্রদেশটির সরকার ইমরান খানের দল পরিচালনা করছিল। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, সন্ত্রাসবাদ দমনে প্রাদেশিক প্রশাসন যথাযথ ভূমিকা রাখছে না।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী। অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ও নিরাপত্তা সঙ্কট রয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে সাম্প্রতিক পরিস্থিতির কোনো নির্দিষ্ট ঘটনা বা তথ্যের ভিত্তিতে প্রাদেশিক সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
এ দিকে ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে মিছিলের প্রস্তুতি নিচ্ছে পিটিআই। তিন বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী থাকলেও পাকিস্তানজুড়ে তার উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে। ইমরান খান ও তার দল দীর্ঘদিন ধরে সরকারের সাথে রাজনৈতিক বিরোধে জড়িয়ে আছে। তার মুক্তির দাবিতে পিটিআইয়ের আন্দোলন এবং কেন্দ্রীয় সরকারের সাথে প্রাদেশিক প্রশাসনের বিরোধের মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নতুন রাজনৈতিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। তবে জরুরি অবস্থা জারির সাথে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের প্রস্তাবিত কর্মসূচির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। 
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই এই প্রদেশের নির্বাচনে জয় পেয়ে সেখানে সরকার গঠন করেছিল। গত কয়েক দিন ধরে প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির নেতৃত্বে ইমরানকে জেল থেকে মুক্তির আন্দোলন ও লংমার্চ করা হচ্ছে। এর মধ্যেই প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হলো।