
সাহাদাত শাহিন ভোলা
ভোলার দৌলতখানের খায়েরহাটে ৩০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অবকাঠামো পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। আধুনিক অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন, ছাত্রছাত্রীদের পৃথক হোস্টেলসহ প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের তিন বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালে নির্মাণকাজ শুরু হয়। এতে ব্যয় হয়েছে ৩০ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকা। ২০২২ সালের মে মাসে নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০২৩ সালে ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রতিষ্ঠানটি চালু হলে প্রতিবছর অন্তত ৫০ জন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণ নিয়ে বের হওয়ার সুযোগ পেতেন। কিন্তু জনবল নিয়োগ ও ভর্তি কার্যক্রম শুরু না হওয়ায় সেই সুযোগ তৈরি হয়নি।
খায়েরহাট ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: বখতিয়ার আল-মামুন বলেন, অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও কার্যক্রম শুরু হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে দ্রুত চালুর আশ্বাস পাওয়া গেছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারা জানান, ভবন হস্তান্তরের পর ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়টি স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাসদুল আলম বলেন, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম ও জনবল নিয়োগ এখনো শুরু হয়নি।
এদিকে, ম্যাটসের ভবনটি নার্সিং ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে বলে জানিয়েছেন ভোলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম। এ জন্য একটি প্রতিনিধি দল ভবনটি পরিদর্শন করেছে। তিনি বলেন, নার্সিং প্রশিক্ষণকেন্দ্র করা হলে নতুন নিয়োগপ্রাপ্ত নার্সদের মৌলিক প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। অবকাঠামোটি অব্যবহৃত পড়ে থাকার চেয়ে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কাজে লাগানো ভালো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








