
নয়া দিগন্ত ডেস্ক
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল সকালে মেহেরপুরের গাংনীতে ছয়জন ও কুষ্টিয়ার দৌলতপুরে চারজন ভারতীয়রা বাংলাদেশে ঠেলে দিয়েছিল বিএসএফ পরে বিজিবি দৃঢ়তার সাথে বাধা দিয়ে তাদের ভারতে পাঠিয়ে দেয়।
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান, মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ছয়জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
গতকাল রোববার ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পুশ-ইনের চেষ্টার শিকার ওই ছয়জনের মধ্যে দু’জন পুরুষ ও চারজন নারী রয়েছেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্ক অবস্থান ও টহল দলের তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের পুশ-ইনের প্রচেষ্টা শনাক্ত করা হয়। পরে বিজিবির সদস্যরা দঢ় অবস্থান নিয়ে এ প্রচেষ্টা প্রতিহত করেন।
বিজিবির কার্যকর পদক্ষেপ ও দৃঢ় অবস্থানের মুখে গতকাল সকাল আনুমানিক ৮টার দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই ছয়জনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
গতকাল রোববার সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর সীমান্তের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন ঠোটারপাড়া বিওপির সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে এ পুশ-ইনের চেষ্টা পরিলক্ষিত হয়। ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন। তাদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী ছিলেন।
বিজিবির গোয়েন্দা তথ্য, টহল দলের সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলকব্যবস্থা ও কার্যকর তৎপরতা এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণে বিএসএফের এ প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








