
নিজস্ব প্রতিবেদক
রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশীসহ নিহতদের ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। পৃথক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশীসহ ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, বেসামরিক বিমানবন্দর ও নিরপরাধ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিতিশীলতাকে আরো বিপজ্জনক করে তুলতে পারে। তারা বলেন, রিয়াদ বিমানবন্দরে হামলা শুধু সৌদি আরবের নিরাপত্তার ওপর আঘাত নয়; এটি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক মানুষের নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই।
বাংলাদেশ খেলাফত আন্দোলন : রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হাউছিদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমিরে শরিয়ত আল্লামা আবু জাফর কাসেমী এবং মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। এক বিবৃতিতে নেতারা বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরের নিরাপত্তা বিঘিœত হওয়ার মতো যেকোনো হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরো বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সঙ্ঘাত নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে। আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








