
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করা হবে। এ ছাড়া সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের আলোকে সিন্ডিকেটের এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
৫৪তম সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যথাযথ কার্যক্রম প্রণয়নের জন্য এক সভা রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো: আমানউল্লাহ আমান এমপি, খায়রুল কবির খোকন এমপি এবং এ কে এম ফজলুল হক মিলন এমপিসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০ নভেম্বর ২০২২ তারিখ থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তগণ ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণকারীদের আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর শুরু হবে এবং ৩০ নভেম্বর শেষ হবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








