সংক্ষিপ্ত সংবাদ


মাদক বিক্রি নিয়ে ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। গত শনিবার রাতে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, সম্প্রতি কালকিনির দক্ষিন ঠ্যাঙ্গামারা বাবুল সরদারের ছেলে রনি সরদারের সাথে পাঙ্গাশিয়া গ্রামের আলী ফকিরের ছেলে জহির ফকিরের মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। এরই জেরে জহির লোকজন নিয়ে শনিবার রাতে রনিকে মারধর করে। এ খবর ছড়িয়ে পরলে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় বেশকয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মাদারীপুরের কালকিনি থানার সেকেন্ড অফিসার (এসআই) জোবায়ের হোসেন জানান, ‘সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর প্রতিনিধি।

Advertisement

কথিত পীরের কর্মকাণ্ড বন্ধে মানববন্ধন
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় বীরখারুয়া (খেয়ারপাড়) গ্রামে কথিত রহিম বাবার নামে বালিশ পূজা, ওরস ও অন্যান্য অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে গফরগাঁও প্রেস ক্লাব প্রাঙ্গণে গফরগাঁও উলামা সমিতি ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উলামা সমিতির স্থানীয় জনতা ধর্মপ্রাণ লোকজন অংশ নেন। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাওলানা উবাইদুল্লাহ উদয়পুরী, মাও: আনোয়ার মাহমুদ, মাও: আনোয়ার হোসাইন আসাদী,  মুফতি হাবিবুল্লাহ, মাওলানা মোস্তাকিম বিল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের কথিত রহিম বাবার নামে বালিশ পূজা ও ওরসকে কেন্দ্র করে শিরক, বিদআত ও অনৈসলামিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ড ধর্মীয় বিশ্বাস ও ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী। বক্তারা সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধে প্রশাসন ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।

কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু 
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালিকান্দা গ্রামের আ: সাত্তারের শিশুপুত্র আরাফাত (৬) রবিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় আরেক শিশুপুত্র মুয়াজ(৭) তাকে বাচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং উভয়ই মারা যায়। কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা।

ভারতীয় চোরাইপণ্যসহ আটক ২
হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিজিবির পৃথক অভিযানে ৭১ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা, ৩৬ কেজি গাঁজা, ভারতীয় মদ ও আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় দু’টি যানবাহনসহ দু’জনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার এই তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান। বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গত ৮ অক্টোবর বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল। অন্য দিকে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুসকুড়িছড়া চাবাগান এলাকায় অভিযান চালায় সিন্দুরখান বিওপির টহলদল। সিলেট ব্যুরো।

মধুপুরে ১১ ঘণ্টায় শিয়ালের কামড়ে আহত ২১ 
মধুপুরে শিয়ালের কামড়ে গত ১১ ঘণ্টায়  আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ২১ জন। গত শনিবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একের পর এক আহত রোগী হাসপাতালে আসায় হাসপাতালের চিকিৎসকরাও বিস্ময় প্রকাশ করছেন। হঠাৎ করে এমন রোগী আসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মীদেরও হিমসিম খেতে হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বেলা সোয়া ২টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত অন্তত ২১ জন চিকিৎসা নিতে আসেন। আহতদের মধ্যে শিশু, তরুণ ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত আবু সাঈদ জানান, ‘শিয়ালের কামড়ে আহত রোগী আসছেন একের পর এক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের চিকিৎসাসেবা দিতে। মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, ‘প্রতিদিন বিড়াল, শিয়াল ও কুকুরের কামড়ে আহত অনেক রোগী হাসপাতালে আসছেন। আশঙ্কাজনক হারে দিন দিন এ সংখ্যা বাড়ছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। কোনো সঙ্কট হওয়ার আশঙ্কা নেই। মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।

রংপুরে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
রংপুরের কাউনিয়া থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাবেদ আলী (৪৯) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের উপপরিচালক আবু জাফর জানান, অভিযানের সময় গ্রেফতার জাবেদ আলীর  নিজ বাড়ির উত্তর দূয়ারী পূর্ব পার্শ্বের কক্ষের ভিতরে অবস্থান করছিলেন। এ সময় তার  দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির বাম কোচরে গোজা অবস্থায় একটি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটের ভিতর থেকে ১২০টি অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩৬ হাজার টাকা।  রংপুর ব্যুরো।

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন
ঢাকার ধামরাই উপজেলায় একটি নির্মাণাধীন অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এতে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় গুঁড়িয়ে দেয়া হয়েছে। গত শনিবার উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইচাইল গ্রামে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা ইউএনও মো: আল মামুন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাইচাইল গ্রামে বৈধ অনুমোদন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে একটি নতুন ইটভাটা নির্মাণের কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।