
লক্ষ্মীপুরের সদর উপজেলায় মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার কাজিরদিঘীর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রোববার (১৮ অক্টোবর) দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেয়ার কথা বললেও ১৩ দিন ধরে তা ফেরত দেননি তিনি। রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম ও তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজন মোটরসাইকেলটি আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যান। এ সময় শাকিল হোসেন মোটরসাইকেলটি ফেরত দেয়া নিয়ে তালবাহানা শুরু করেন। পরে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে হোসেন মিয়া ও তার ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত ছেলে সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








