
বিনোদন রিপোর্ট
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের ৮৪তম জন্মদিন ছিল গতকাল ১১ অক্টোবর। জন্মদিনে পরিবার, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই কিংবদন্তি অভিনেতা। বিশেষ এই দিনে বাবাকে নিয়ে পুরনো এক সাক্ষাৎকারের স্মৃতিচারণ করেছেন ছেলে অভিষেক বচ্চন। তার কথায়, দর্শকের কাছে অমিতাভ বচ্চন কিংবদন্তি ও নায়ক হলেও পরিবারের কাছে তিনি একজন বাবা, একজন দাদু আর দশজন মানুষের মতোই অনুভূতি রয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত বছর ইটাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ২৬ বছরের অভিনয়জীবন, সাফল্য-ব্যর্থতা এবং পরিবারের ভূমিকা নিয়ে কথা বলেছিলেন অভিষেক। সেই সাক্ষাৎকারের কিছু কথা অমিতাভের জন্মদিনে নতুন করে সামনে এসেছে। সাক্ষাৎকারে অভিষেককে প্রশ্ন করা হয়েছিল, অভিনয়জীবনে তার কাজ নিয়ে বাবা-মা অমিতাভ ও জয়া বচ্চন কতটা গর্বিত। জবাবে অভিষেক বলেন, তার বাবা-মা সন্তানের পেশাগত সাফল্যের চেয়ে প্রচেষ্টাকে বেশি গুরুত্ব দেন। অভিষেকের ভাষায়, ‘আমার মনে হয়, আমি যে কাজই করি না কেন, বাবা-মা তাতেই গর্বিত হবেন যদি তারা জানেন যে আমি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি।’ এরপর বাবাকে নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরে অভিষেক বলেন, ‘মানুষ ভুলে যায়, তিনিও একজন বাবা। আমাদের কাছে অমিতাভ বচ্চন একজন নায়ক। তাই আমরা তাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখি। কিন্তু তিনি একজন পারিবারিক মানুষও। তিনি একজন বাবা, একজন দাদু।’ অভিষেক আরো বলেন, ‘কেন যেন আমরা মনে করি, তিনি আর দশজন মানুষের মতো হতে পারেন না, তার সাধারণ মানুষের মতো অনুভূতি থাকতে পারে না। অথচ তিনিও একজন বাবা, আমার মাও একজন মা। আমি তাদের সন্তান। অন্য সব বাবা-মায়ের মতো তারাও অনুভব করতে পারেন, আবেগ প্রকাশ করতে পারেন।’ খ্যাতি ও জনপ্রিয়তা নিয়ে অভিষেকের উপলব্ধিও উঠে এসেছে ওই সাক্ষাৎকারে। তার মতে, তারকাখ্যাতি চিরস্থায়ী নয়। ছোটবেলা থেকেই বাড়িতে বাবার তারকাখ্যাতি কাছ থেকে দেখেছেন তিনি। কিন্তু বাড়ির দরজার ভেতরে অমিতাভ বচ্চন ছিলেন তাঁর বাবা, পর্দার মহাতারকা নন। অভিষেক বলেন, ‘খ্যাতি ক্ষণস্থায়ী। বাড়িতেই এর অনেক উদাহরণ দেখেছি। বাবা যখন বাড়ি ফিরতেন, তখন তিনি অমিতাভ বচ্চন থাকতেন না; তিনি ছিলেন আমার বাবা। খ্যাতি আসবে, আবার চলেও যাবে-মাত্র দু-একটি সিনেমা দেখলেই বিষয়টি বুঝতে পারবেন।’ বর্তমানে অমিতাভ বচ্চন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মৌসুমের সঞ্চালনা করছেন। অন্যদিকে, অভিষেককে দেখা যাবে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও সুহানা খানের সঙ্গে ‘কিং’ ছবিতে। ছবিটি বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দীর্ঘ অভিনয়জীবনে অমিতাভ বচ্চন ভারতীয় চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। পর্দায় তার পরিচয় কিংবদন্তি অভিনেতা হিসেবে হলেও অভিষেকের কথায় উঠে এসেছে অন্য এক অমিতাভের ছবি যিনি পরিবারের কাছে সবার আগে একজন বাবা, একজন দাদু। জন্মদিনে সেই ব্যক্তিগত পরিচয়ই যেন নতুন করে মনে করিয়ে দিলেন ছেলে অভিষেক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








