
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সুমন নামের ঘাতক অটোরিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।
এর আগে বৃহস্পতিবার সকালে জেলার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে আর স্কুলে যাচ্ছিল না।
তাজমিনের বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে চাকরি করেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, ৮ অক্টোবর রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্সের বাসায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে তাজমিন। ভাড়া নির্ধারণ করা হয় ৩০০ টাকা। পরে চালক সুমন শর্টকাট পথে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে তাকে নির্জন এলাকায় নিয়ে যান। পথেই তাকে ধর্ষণ ও হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হত্যার পর তাজমিনের হ্যান্ডব্যাগ থেকে আইফোন নিয়ে ব্যাগটি ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যান সুমন। পরে কাচিকাটা মসজিদের সামনের পুকুরে গোসল করেন তিনি। সেখান থেকে অন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় বাখরাবাদ এলাকায় যান। ওই এলাকার একটি পুকুরপাড়ের জঙ্গলে আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যান তিনি।
তদন্তের একপর্যায়ে শুক্রবার চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, বাখরাবাদ এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে আইফোনটি উদ্ধার করা হয়।
সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা। কয়েকবছর আগে বিয়ে করে ঘরজামাই হিসেবে লালমাই উপজেলার জয়নগর গ্রামে বসবাস শুরু করেন।
একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা : তাজমিনের বাবা আবদুল আলীম কুমিল্লা শহরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। একমাত্র সন্তানকে হারিয়ে তিনি অনেকটা বাকরুদ্ধ। থেমে থেমে তিনি জানান, ‘৪ তারিখ বান্ধবীর বাসায় যাবে বলে বাসা থেকে বের হয় মেয়ে। এর মধ্যে বিভিন্ন সময় তার ফোনে যোগাযোগ করা হলে সে বান্ধবীর বাসায় আছে বলে জানায়। বুধবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে সে মেসেজ লাইভ লোকেশন (যেখানে অবস্থান করছিল) পাঠায়। মেসেজে তাকে এসে নিয়ে যেতে বলে।’ তিনি বলেন, ‘তখন আমি ঘুমে ছিলাম। সকালে মেসেজ দেখি। লাইভ লোকেশনে গিয়ে দেখতে পাই, মেয়ের লাশ উদ্ধার হচ্ছে।’
লুটে নেয়া মোবাইল ফোন উদ্ধার : এর আগে পুলিশ জানিয়েছিল অটোরিকশার রেজিস্ট্রেশনের সূত্র ধরে এর মালিক জেলার লালমাই উপজেলার আবুল হাসেম বলে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে আবুল হাসেমকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে অটোরিকশার মালিক জানায় সিএনজির চালক সুমন। পরে শুক্রবার তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। পরে কুমিল্লায় এনে তাকে জিজ্ঞাসাবাদ শহরতলীর বাখরাবাদ এলাকা তার দেখানো মতে লুটে নেয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








