শিক্ষা ও মূল্যায়নে আন্তর্জাতিক মান নিশ্চিতে এএইউবিতে বিশেষ কর্মশালা

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ (এএইউবি)-এর অ্যাভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট (এভিওএম) বিভাগের উদ্যোগে ‘ট্রেনিং অন আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকার তেজগাঁওয়ে ফ্যালকন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে ফলাফলভিত্তিক শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষার্থীর মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ও লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষক এবং অ্যাকাডেমিক কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সেশন চেয়ার ছিলেন এএইউবি-এর ভিসি এয়ার ভাইস মার্শাল মো: মোস্তাফিজুর রহমান। ফ্যাকাল্টি অব অ্যারোস্পেস ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ-এর ডিন এয়ার কমডোর মো: রবিউল হাসান উদ্বোধনী ও এভিওএম বিভাগের চেয়ারম্যান ড. হোসনে নাসরিন স্বাগত বক্তব্য দেন।বিশেষায়িত চারটি সেশনে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক, ওবিইর মূলনীতি, শিক্ষণফল নির্ধারণ ও রুব্রিকস-ভিত্তিক মূল্যায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান এবং আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার মোর্শেদ ও ড. নাজনীন সুলতানা চৈতী।
সমাপনী বক্তব্যে ভিসি অ্যাভিয়েশন খাতের চাহিদা পূরণে শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা প্রদান ও আন্তর্জাতিক মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরিতে শক্তিশালী কোয়ালিটি অ্যাসিওরেন্স ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। পরে সনদ বিতরণ ও স্মারক হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি।

Advertisement