
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুঘর্টনায় এক ব্যবসায়ী, এক শিশুসহ তিন জেলায় তিনজন নিহত হয়েছেন।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে আবদুুর রাজ্জাক ব্যাপারী (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও আরো চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর আইড়মারী- জোনাইল আঞ্চলিক সড়কের আবদুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক ব্যাপারী উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মৃত সাকিমুদ্দিন মিয়ার ছেলে।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লেগুনার ধাক্কায় মোসাম্মৎ তাসফিয়া নামে সাত বছরের এক শিশু নিহত হয়। গতকাল সকালে উপজেলার নাইখাইন গ্যাসপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া দিনমজুর আবু হানিফের মেয়ে। সকাল দোকান থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি লেগুনা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাইওয়ে পুলিশ লেগুনাচালক সাইদুল ইসলাম (২৮) আটক করা হয়।
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা জানান, নানীকে একনজর দেখার আকুতি আর বুকভরা আশা নিয়ে সুদূর সিলেট থেকে ছুটে এসেছিলেন আরমান হোসেন (২৪); কিন্তু নিয়তির নির্মম পরিহাস; নানীর কাছে আর পৌঁছানো হলো না তার। পথেই ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারাল সে।
শুক্রবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর বাসস্ট্যান্ডসংলগ্ন রাসেল ব্রিকসের কাছে ঘটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে নানীর বাড়িতে আসার উদ্দেশ্যে রাতে সিলেট থেকে ট্রেনে চড়ে কুমিল্লায় পৌঁছান আরমান। সেখান থেকে শুক্রবার ভোররাতে কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন তিনি। পথিমধ্যে চরবাকর এলাকায় পৌঁছালে কুমিল্লামুখী একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সড়কের পাশে ছিটকে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান আরমান হোসেন। এ দুর্ঘটনায় সিএনজিচালকও গুরুতর আহত হন।
নিহত আরমান হোসেন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের পুত্র। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








