গাবতলীতে জাতীয় যুব দিবস উদযাপন
জাতীয় যুব উন্নয়ন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

বগুড়ার গাবতলীতে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুবকদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

Advertisement

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হেলাল উদ্দিন।

সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা জয়নাল আবেদীন খান, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছিদ্দিকুল জাহান, পল্লী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুব কাউন্সিলের সদস্য রুহুল হাসান রুহিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, পৌর মহিলা দলের সভাপতি কানিজ সুলতানা সুরভী, ছাত্রদল নেতা পাপ্পু আহম্মেদ, প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মী সাবিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে সফল যুবকদের মাঝে চার লাখ টাকার ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। পরে, যুব উন্নয়ন অধিদফতরের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।