
বিবিসি ও রয়টার্স
সুদানের ওপর আরোপিত বিদ্যমান নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত আরো দুই মাস বর্ধিত করার মার্কিন প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করেছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। গত পরশু নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রস্তাবটি পাস হয়, যেখানে ১৫টি সদস্য রাষ্ট্রের সবাই এতে সম্মতি দেয়। এর ফলে ১৫৯১ নম্বর প্রস্তাবের অধীনে কার্যকর থাকা অস্ত্র নিষেধাজ্ঞাসহ অন্যান্য বিধিনিষেধ বহাল থাকছে। একই সাথে বিষয়টি তদারকিতে গঠিত বিশেষজ্ঞ দলের মেয়াদ আগামী ২০২৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সুদানি সামরিক বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপের অভিযোগের আবহেই এ সিদ্ধান্ত নিল নিরাপত্তা পরিষদ।
অন্য দিকে উত্তর দারফুরে বিদ্রোহী রথ্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সাথে মিত্রতা ভেঙে তাহের হাজারের নেতৃত্বাধীন সুদান লিবারেশন ফোর্সেসের ১৮ কর্মকর্তাসহ শতাধিক সদস্য সরকারি সেনাবাহিনীতে আত্মসমর্পণ করে যোগ দিয়েছে। সুদান সরকারের এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়, মুহাম্মদিন ইসমাইল আবু জারার পরিচালনায় বিদ্রোহী গোষ্ঠীটির একাংশ সশস্ত্র সরঞ্জাম ও সাঁজোয়া যানসহ উত্তর দারফুরের আল-তিন সীমান্তে উপস্থিত হয়। তারা নিয়মিত বাহিনীর প্রতি আনুগত্য স্বীকার করে অবিলম্বে পশ্চিম সীমান্তে সামরিক অভিযানে অংশ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। কমান্ডার আবু যারা জানান, দারফুরের সার্বিক সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার ক্ষেত্রে আরএসএফ বড় হুমকি হয়ে ওঠায় তারা সেনা কর্তৃপক্ষের সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে তাদের দল আরএসএফের বিরুদ্ধে যৌথ অপারেশনে যুক্ত হয়েছে বলে সরকারি বার্তায় নিশ্চিত করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








