ফুটবল
জয়ের পর উল্লাস। নয়া দিগন্ত

গত কয়েক দিনে মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনায় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। বিশেষ করে ব্যালন ডি’অর জিততে না পারা ও চীনের নেতা মাও সেতুংকে নিয়ে রসিকতা করে বেশ অস্বস্তিকর সময় পার করেছেন ফরাসি তারকা। 

Advertisement

তবে মাঠে ফিরে গোল পেতে সময় নেননি তিনি। গতরাতে তার পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পর জুড বেলিংহ্যাম ও ইয়ান ডিওমান্ডের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার (১ নভেম্বর) প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল রেয়ালের। ১৩তম মিনিটে বক্সের মাঝে এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় সফরকারীরা। স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি তিনি। চলতি লিগে ১১ ম্যাচে এটি এমবাপ্পের ১২তম গোল।

২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে আরদা গুলারকে পাস দেন তিনি। গুলারের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। রিয়ালের হয়ে ১৫৪তম ম্যাচে এটি তার ৫০তম গোল।

প্রথমার্ধেই তৃতীয় গোল পেয়ে যায় রিয়াল। ৩৬তম মিনিটে গুলারের কর্নার থেকে বেলিংহ্যামের হেডের পর বল পেয়ে যান ডিওমান্ডে। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে লক্ষ্যভেদ করেন আইভরি কোস্টের এই তরুণ উইঙ্গার। 

সবশেষ ছয় ম্যাচে চার গোলের পাশাপাশি তিনটি গোলে সহায়তা করেছেন ১৯ বছর বয়সি এই ফুটবলার। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোজরা।

তবে বিরতির পর আর গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ । ৬০তম মিনিটে এমবাপ্পের শট পোস্টে লাগে। দুই মিনিট পর বেলিংহ্যামের প্রচেষ্টা ঠেকিয়ে দেন রেসিং গোলরক্ষক। 

অন্যদিকে ম্যাচের শেষ দিকে চুয়ামেনির হ্যান্ডবলে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা। তবে ভিডিও সহায়তায় রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। যোগ করা সময়ে বেলিংহ্যামের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতল রিয়াল। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার তিন নম্বরে আছে তারা। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। 

অন্যদিকে ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রেসিং সান্তান্দার।