
প্রযুক্তি ডেস্ক
দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতের প্রায় ৫০ লাখ খুচরা ব্যবসায়ীর কথা বিবেচনায় নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বাংলা ভয়েস অর্ডারিং ফিচার চালু করেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ। বাংলাদেশের এমএসএমই রিটেইল খাতের জন্য এটিই প্রথম বাংলা ভাষাভিত্তিক ভয়েস অর্ডারিং সিস্টেম। নতুন এই প্রযুক্তির মাধ্যমে প্রিয়শপের সাথে যুক্ত দোকানিরা এখন স্বাভাবিকভাবে বাংলায় কথা বলেই পণ্যের অর্ডার দিতে ও অর্ডার ব্যবস্থাপনা করতে পারবেন। এতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে তুলনামূলক কম অভ্যস্ত ব্যবসায়ীদের জন্য পণ্য অর্ডার করার প্রক্রিয়া আরো সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে। প্রিয়শপের তৈরি এআই-চালিত ভয়েস অর্ডারিং ফিচারটি দোকানিদের দৈনন্দিন কাজের জটিলতা কমাতে ভূমিকা রাখবে। দোকানিরা শুধু বাংলায় মুখে বলে জানিয়ে দিতে পারবেন তাদের কোনো পণ্য, কত পরিমাণে প্রয়োজন। এআই অ্যাসিস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যে পণ্যের সঠিক স্টক কিপিং ইউনিট (এসকেইউ), পরিমাণ এবং অর্ডারের প্রয়োজনীয় তথ্য শনাক্ত করতে পারবে। ফলে অর্ডার দেয়ার জন্য অ্যাপে টাইপ করা বা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে। এ উদ্যোগ সম্পর্কে প্রিয়শপের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান বলেন, ‘আমাদের দেশে প্রায় ৫০ লাখ খুচরা ব্যবসায়ী রয়েছেন, যাদের বেশির ভাগই খুব একটা ডিজিটাল-দক্ষ নন। তাই তাদের নিজেদের ভাষায়, নিজেদের কণ্ঠে সেবা দিতে পারে এমন একটি ব্যবস্থা প্রয়োজন ছিল। সে লক্ষ্যেই আমরা আমাদের অ্যাপে এআই-চালিত ভয়েস অর্ডারিং প্রক্রিয়া চালু করেছি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








