
বিনোদন রিপোর্ট
বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের কণ্ঠে ‘ট্রাজেডি পিলখানায়’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছিল আজ থেকে দেড় দশকেরও বেশি সময় আগে। সেই সময় আসিফ আকবরের সাথে এই গানে কণ্ঠ দিয়েছিলেন ক্ষুদে গান রাজের শিল্পী পড়শী। তিনি তখন অষ্টম শ্রেণীতে পড়তেন। বহু বছর পর আবারো নতুন সঙ্গীতায়োজনে ‘ট্রাজেডি পিলখানায়’ গানটি করা হয়েছে। তবে এবার আসিফ আকবরের সাথে কণ্ঠ দিয়েছেন ২০২৫ সালের নতুন কুঁড়ির আধুনিক গানে চ্যাম্পিয়ন হওয়া রোদসী। কাকতালীয়ভাবে রোদসীও অষ্টম শ্রেণীতে পড়ছে। গানটি রাজীব আহমেদের লেখা এবং সুর সঙ্গীতায়োজন পল্লব স্যানালের। গতকাল ৯ অক্টোবর রোদসীর জন্মদিনে ‘আসিফ আকবর’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়। গানটি লিখেছেন রাজীব আহমেদ, সুর করেছেন দেশ বরেণ্য তবলা শিল্পী, সুরকার-সঙ্গীত পরিচালক পল্লব স্যানাল। নতুন করে সঙ্গীতায়োজন করেছেন রাজিব হোসেন। গানটির ভিডিও করেছেন ইয়ামিন ইলান। রোদশীকে এই গানে যুক্ত করার কারণ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘এটি একটি মাইলস্টোন গান। ২০০৯ সালে যে ট্রাজিডে ঘটে যায় রাজধানীর পিলখানায় সেখানে আমাদের ৫৭ জন অফিসার শহীদ হন। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে এই গানটি করেছিলাম। সেই সময় আসলে একটি বাচ্চা কণ্ঠের প্রয়োজন ছিল। আমরা তখন পড়শীকে নিয়েছিলাম। ১৭ বছর আগে গানটি যখন করি তখন আসলে বৈরী সময় ছিল। ১৭ বছর পর এসে মনে হচ্ছে যে গানটা নতুন করে করা প্রয়োজন। তখন আমি ইথুন বাবু ভাইকে ফোন করে রোদসীর সন্ধান পাই। ভয়েজ দেবার পর যখন রোদসীর কণ্ঠে গানটা শুনি আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার বিশ^াস সে বহুদূর যাবে।’ রোদসী নূর সিদ্দিকী বলেন, ‘আমার আসলে খুশির চেয়ে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে। ইথুন বাবু স্যারের প্রতি কৃতজ্ঞতা আমার নামটি বলার জন্য আর আসিফ আকবর স্যারের প্রতি কৃতজ্ঞতা আমাকে এই গানের সাথে যুক্ত করার জন্য। এটা সত্যিই আমার জন্য অনেক বড় পাওয়া।’ রোদসী প্রসঙ্গে পল্লব স্যানাল বলেন, ‘রোদসী আমার স্টুডেন্ট। সে ভীষণ ভালো গায়। তার কণ্ঠও খুব প্রমিজিং। এই ধরনের কণ্ঠ সচরাচর পাওয়া যায় না। সে গানের ভুবনে ঠিকমতো থাকলে দেশে আরেকজন পরিশীলিত, মার্জিত সঙ্গীতশিল্পী শাকিলা জাফর হতে পারবে।’ রোদসী শিশু একাডেমি জুনিয়র কোর্স শেষ করেছেন কিছু দিন আগে। ছায়ানটেও গান শিখছেন তিনি। হলিক্রস গার্লস হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পড়ছেন রোদসী। তার বাবা ড. মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এবং মা ড. রেজিনা আহমেদ ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








