
চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে যাওয়া ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারী অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন।
প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা দেয়ার পর রোববার (১ নভেম্বর) সকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি সিলেট ত্যাগ করেন।
রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হন ওই নারী ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ।
এর আগে, শনিবার (৩১ অক্টোবর) সকালে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই নারী প্রয়োজনীয় চিকিৎসকের প্রত্যয়নপত্র দেখাতে না পারায় তাকে বিমানে ভ্রমণের অনুমতি দেয়নি বিমান কর্তৃপক্ষ। এ সময় পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় ওই দিনের যাত্রা বাতিল করেন।
পরে রোববার সকালে প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা দিয়ে তারা লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ জানান, শনিবার চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় ওই যাত্রীকে বিমানে ওঠার অনুমতি দেয়া হয়নি। তবে রোববার সকালে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর নিয়ম অনুযায়ী তাদের ফ্লাইটে ভ্রমণের অনুমতি দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








