ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা খারিজ

সিএনবিসি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা খারিজ করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল, এর মালিক প্রতিষ্ঠান ও মিডিয়া মোগল রুপার্ট মারডকের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করেন মিয়ামির ফেডারেল বিচারক ড্যারিন গেইলস।
জেফরি এপস্টিনের ৫০তম জন্মদিন উপলক্ষে ট্রাম্পের স্বাক্ষরযুক্ত একটি চিঠি পাঠানোর খবর প্রকাশ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। ওই খবরকে মিথ্যা ও মানহানিকর দাবি করে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। শনিবার (৩১ অক্টোবর) বিচারক মামলাটি ‘উইথ প্রেজুডিস’ ভিত্তিতে খারিজ করেন। এর অর্থ, একই অভিযোগে ট্রাম্প আর নতুন করে এই ফেডারেল আদালতে মামলাটি করতে পারবেন না।
বিচারকের মতে, সংবাদমাধ্যমটি জেনেশুনে মিথ্যা তথ্য প্রকাশ করেছে কিংবা সত্যতা যাচাই না করেই প্রতিবেদন প্রকাশ করেছে-এমন অভিযোগের যথেষ্ট ভিত্তি দেখাতে পারেননি ট্রাম্প। ২০২৫ সালের ১৭ জুলাই ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ২০০৩ সালে জেফরি এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে তৈরি করা চিঠির অ্যালবামে ট্রাম্পের স্বাক্ষরযুক্ত একটি চিঠি ছিল। এপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের অনুরোধে ট্রাম্প ওই চিঠি পাঠিয়েছিলেন। 
চিঠিতে টাইপ করা কয়েকটি লাইন ছিল। সেগুলো একজন নগ্ন নারীর হাতে আঁকা অবয়বের মধ্যে রাখা হয়েছিল বলে জানায় পত্রিকাটি। চিঠির নিচে ‘ডোনাল্ড’ নামে একটি স্বাক্ষর ছিল। এর শেষে লেখা ছিল, ‘শুভ জন্মদিন-আর প্রতিটি দিন হয়ে উঠুক আরেকটি চমৎকার গোপনীয়তা।’ তবে চিঠিটি লেখার কথা অস্বীকার করেছেন ট্রাম্প। তার দাবি, চিঠিটি ভুয়া। তিনি বলেছিলেন, জীবনে কখনো এমন ছবি আঁকেননি এবং নারীদের ছবি আঁকার অভ্যাসও তার নেই।
২০ পৃষ্ঠার রায়ে বিচারক ড্যারিন গেইলস বলেন, ট্রাম্পের সংশোধিত মামলাতেও আগের আইনি ত্রুটিগুলো দূর করা যায়নি। তিনি লেখেন, প্রথমবারের মতো এবারো ট্রাম্প ব্যর্থ হয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানী রিপোর্টে ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করা হলেও সংশোধিত অভিযোগে তার যথেষ্ট ভিত্তি পাওয়া যায়নি। বিচারক আরো বলেন, পত্রিকাটি প্রতিবেদন প্রকাশের আগে বিস্তারিত ও সতর্কতার সাথে অনুসন্ধান করেছে। ট্রাম্প চিঠি লেখার কথা অস্বীকার করেছিলেন-এ তথ্যও প্রতিবেদনে উল্লেখ করেছিল সংবাদমাধ্যমটি। বিচারকের মতে, কোনো সংবাদমাধ্যমকে শুধু কোনো ব্যক্তির অস্বীকৃতির কারণে প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে হবে-এমন যুক্তি গ্রহণ করলে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।

Advertisement