বলিভিয়ায় এল নিনোর প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা

 এএফপি
‘এল নিনো’র প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। স্থানীয় সময় শনিবার জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন তিনি। এ সময় প্রেসিডেন্ট বলেন, ‘এল নিনো’র প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে। বলিভিয়ায় এর কারণে কোথাও বন্যা, আবার কোথাও খরা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ ও অন্যান্য সম্পদ দ্রুত ব্যবহারের সুযোগ তৈরি করতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ভাষণে প্রেসিডেন্ট পেজ বলেন, ‘এল নিনো’র প্রভাবে খরা ও বন্যার মতো পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ সঙ্কট মোকাবেলায় সব সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন। জরুরি অবস্থার ঘোষণায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরো বেশি উদ্ধারকারী দল মোতায়েনের নির্দেশনাও রয়েছে বলেও জানান তিনি। বিশ্বের আবহাওয়া বদলে দেওয়ার অন্যতম প্রধান কারণ ‘এল নিনো’ গত কয়েক মাস ধরে আরো শক্তিশালী হয়ে উঠছে। দেখা দিচ্ছে ভয়াবহ দাবানল, নজিরবিহীন বন্যা ও অতি তীব্র তাণ্ডব চালানো ঘূর্ণিঝড়। এ পরিস্থিতিতে ‘এল নিনো’র প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

Advertisement