আইজেনকটকে সাহস দেখিয়ে সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান আরব নেতার

 মিডলইস্ট আই
ইসরাইলে বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে ‘রাজনৈতিক সাহস’ দেখানোর আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি ইসরাইলি আইনপ্রণেতা আহমদ তিবি। তিনি ইয়াশার দলের নেতা আইজেনকটকে আরব দলগুলোর সাথে কাজ করারও কথা বলেছেন।
শুক্রবার মিডল ইস্ট আইকে দেয়া এক সাক্ষাৎকারে তিবি বলেন, ‘আমি আশা করি, আইজেনকট যথেষ্ট সাহস দেখিয়ে এগিয়ে যাবেন এবং একটি সংখ্যালঘু সরকার গঠন করবেন। এর মধ্য দিয়ে অবিলম্বে নেতানিয়াহুর সরকারের অবসান ঘটবে।’ তাআল (আরব মুভমেন্ট ফর রিনিউয়াল) পার্টির প্রতিষ্ঠাতা তিবি আরো বলেন, এবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি প্রতিনিধিদের সাথে সহযোগিতা না করার আর কোনো গণতান্ত্রিক যুক্তি নেই।
তিবির দল ‘জয়েন্ট লিস্ট’-এর অংশ। এই জয়েন্ট লিস্টে ফিলিস্তিনি ইসরাইলিদের নেতৃত্বাধীন আরো দু’টি দল রয়েছে। সেগুলো হলো-হাদাশ ও বালাদ। নির্বাচনে এই তিন দল মিলে ১১টি আসন পেয়েছে। ফিলিস্তিনপন্থী আরেক দল রাআম পেয়েছে ৮টি আসন। সব মিলিয়ে পার্লামেন্টে ফিলিস্তিনি দলগুলোর আসনসংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে, যা দেশটির পার্লামেন্টে তাদের জন্য রেকর্ড।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ফিলিস্তিনপন্থী আরব দলগুলোর সমর্থন ছাড়া নেতানিয়াহু বা আইজেনকট- কারো নেতৃত্বাধীন জোটই পার্লামেন্টে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবে না। তিবি বলেন, জয়েন্ট লিস্টের কৌশল হলো, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে বিকল্প সরকার গঠনের পথ তৈরি করতে যারা আগ্রহী, তাদের সমর্থন দেয়া।
অভিজ্ঞ এই রাজনীতিক জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এ ধরনের সরকার গঠিত হলে পার্লামেন্টের সবচেয়ে বড় দল নেতানিয়াহুর লিকুদ পার্টির সাথে বিরোধী দলগুলোও যুক্ত হতে পারে। এতে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হবে।

Advertisement