
বিশেষ সংবাদদাতা
নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী আবাসন অর্থায়ন এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও কমিউনিটি ক্ষমতায়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে মোট ২৭.৫ কোটি মার্কিন ডলারের দু’টি ঋণ চুক্তি এবং ২.৭২ মিলিয়ন মার্কিন ডলারের একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে বুধবার ইআরডিতে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং যথাক্রমে বাংলাদেশ সরকার ও এডিবির পক্ষে ঋণ ও অনুদান চুক্তিগুলোতে স্বাক্ষর করেন। ইআরডি থেকে জানানো হয়েছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোলা উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশ ও এডিবির মধ্যকার অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় একটি প্রকল্পে ১০ কোটি মার্কিন ডলার এবং অপর প্রকল্পে ১৭.৫ কোটি মার্কিন ডলার ঋণ দেয়া হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও কমিউনিটি ক্ষমতায়ন প্রকল্পের জন্য ২৭.২ লাখ মার্কিন ডলারের অনুদান দেয়া হবে।
অন্তর্ভুক্তিমূলক সাশ্রয়ী আবাসনে ১০ কোটি ডলার :
অন্তর্ভুক্তিমূলক সাশ্রয়ী আবাসন অর্থায়ন প্রকল্পের আওতায় এডিবির সাথে ১০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো উন্নত আবাসন সুবিধার মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। এ প্রকল্পের মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের ঋণগ্রহীতাদের জন্য আবাসনবিষয়ক ক্ষুদ্রঋণ সেবার সম্প্রসারণ করা হবে। একই সাথে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত করার মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাতকে শক্তিশালী করতে সহায়তা করবে প্রকল্পটি। এ ছাড়া সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন অর্থায়নের সুযোগ বৃদ্ধির মাধ্যমে প্রকল্পটি দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা জোরদার, জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখবে। এই প্রকল্পের জন্য এডিবি ১০ কোটি মার্কিন ডলারের ‘অর্ডিনারি অপারেশনস (কনসেশনাল)’ বা নমনীয় শর্তযুক্ত ঋণ প্রদান করবে। ঋণের সুদের হার বার্ষিক ২ শতাংশ। ৫ বছরের গ্রেস পিরিয়ড বা রেয়াতকালসহ মোট ২৫ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে।
পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ উন্নয়নে ১৭.৫ কোটি ডলার ঋণ
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও কমিউনিটি ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এডিবির কাছ থেকে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ২.৭২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান গ্রহণের লক্ষ্যে ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকীকরণ, বিদ্যুৎ অবকাঠামোর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং বিদ্যুৎ-নির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা। এর মাধ্যমে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এই প্রকল্পের জন্যও এডিবি ১৭৫ মিলিয়ন মার্কিন ডলারের ‘অর্ডিনারি অপারেশনস (কনসেশনাল)’ বা নমনীয় শর্তযুক্ত ঋণ প্রদান করবে। এ ঋণের সুদের হার বার্ষিক ২ শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ড বা রেয়াতকালসহ ২৫ বছরের মধ্যে ঋণটি পরিশোধযোগ্য হবে। পাশাপাশি এডিবির ব্যবস্থাপনায় পরিচালিত এবং বৈদেশিক অর্থায়নে গঠিত ‘জাপান ফান্ড ফর প্রসপারাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (জেএফপিআর)’ থেকে এ প্রকল্পে ২.৭২ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান প্রদান করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








