
নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনের মোংলা থানা এলাকায় অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলা সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা অভিযান চালায়। এ সময় ৬টি বন্দুক, ৩টি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার, ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে বুধবার রাত ৮টায় কোস্টগার্ড বেইস মোংলা সদস্যরা একটি বিশেষ অভিযান শুরু করে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গহিন জঙ্গলে পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে। একই সাথে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








