
নিজস্ব প্রতিবেদক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মানুষ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী। পাশাপাশি ভবিষ্যতে সরকারি কর্মচারীদের আরো সুবিধা বাড়ানোর চেষ্টা থাকবে বলেও জানান তিনি। গতকাল রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৬, ১৪৭ ও ১৪৮তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা মাঠপ্রশাসনের দায়িত্ব। এজন্য সব কর্মকর্তাকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকারি কর্মকর্তাদের সৎ, দক্ষ ও নিরপেক্ষ হতে হবে। সরকার একটি জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলছে; যেখানে স্বচ্ছতা, আইনের শাসন ও দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা হবে।
সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের সহজে কৃষি উপকরণ ও আর্থিক সুবিধা দেয়া, সারা দেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং খালখনন কার্যক্রম চলমান রয়েছে। ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ভ্যাট ও কর আদায় বাড়াতে এনবিআর কাজ করছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতে আরো সুবিধা বাড়ানোর চেষ্টা থাকবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, নতুন কর্মকর্তাদের মধ্যে বিশেষায়িত শিক্ষা পটভূমির সংখ্যা বাড়ছে। ফলে প্রকল্প ব্যবস্থাপনা, স্থানীয় সম্পদ সংগ্রহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে হবে। সব কর্মকর্তার জন্য ন্যূনতম একটি মৌলিক প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগও নেয়া হচ্ছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, কর্তৃত্ববাদী মনোভাব নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। জনসাধারণের জন্য সব সময় অফিসের দরজা খোলা রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। এ ছাড়া কোর্স পরিচালক মো: গোলাম মাওলা, প্রশিক্ষণার্থীরা এবং মন্ত্রণালয় ও অ্যাকাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








