তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় সবক ও নবীনবরণ অনুষ্ঠিত
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার নবীনবরণ ও সবক প্রদান অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত।

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

তানযীমুল উম্মাহ আলিম মদরাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মাদরাসা মিলনায়তনে আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান শিক্ষক, অভিভাবক ও অতিথিরা।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডনের সাফির এডুকেশন ইনস্টিটিউশনের ফাউন্ডার, প্রিন্সিপাল ও চেয়ারম্যান শাইখ ড. আবুল কালাম আজাদ। মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শাইখ ড. আবুল কালাম আজাদ নবীন শিক্ষার্থীদের সূরা আন-নিসার প্রথম আয়াত তিলাওয়াতের মাধ্যমে সবক প্রদান করেন। পরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে নসীহত পেশ করেন। এ সময় তিনি জ্ঞানার্জনের পাশাপাশি তাকওয়া, নৈতিকতা ও ইসলামী আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা জীবনের সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান ও আমলের সমন্বয়ে চরিত্রবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ অনুসরণ করার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের যুগ্ম পরিচালক ড. মো: মাহবুবুর রহমান, মাদরাসার সাবেক কৃতি শিক্ষার্থী ডা. ফাওযান আব্দুর রহমান, গ্রিন ইউনিভার্সিটির লেকচারার অ্যাডভোকেট আব্দুল আউয়াল, তাহফীজ ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল সা’দ আহমাদ মাদানী এবং জিল ফার্মা, লন্ডনের ফার্মাসিস্ট ওসামা বিন আবুবকর।
এ ছাড়া উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, সমাজসেবক মুজিবুর রহমান, হাফেজ সাইফুল্লাহ ফয়সাল, মাওলানা মাসহুদুল আলম, ইসমাইল মোল্লা, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মাদ্রাসার দুই ভাইস প্রিন্সিপাল এরশাদ উল্লাহ আজহারী ও অধ্যাপক আরিফ উল্লাহসহ শিক্ষক, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিরা।