বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ক জোরদারে গুরুত্ব আসছেন ডাচ মন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত।

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

বাংলাদেশ ও নেদারল্যান্ডস দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পানি ব্যবস্থাপনা, কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, নৌপরিবহন ও সামুদ্রিক অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেছে দুই দেশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। সম্প্রতি দায়িত্ব নেওয়ায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি এবং বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ, অভিবাসন সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়া এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই শিল্প উন্নয়ন, পানি ও কৃষি খাতে দেশটির সহায়তার কথা উল্লেখ করেন তিনি। রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর প্রতি নেদারল্যান্ডসের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান হুমায়ুন কবির। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত পানি ব্যবস্থাপনা, কৃষি, নৌপরিবহন, সামুদ্রিক অবকাঠামো এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে নেদারল্যান্ডসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 
এ সময় নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সজার্ড সজার্ডসমারের আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন রাষ্ট্রদূত। উভয় পক্ষ দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক ফোরামে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখা এবং সহযোগিতা আরও বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বৃহস্পতিবার এ তথ্য জানান।