
বাংলাদেশে স্বল্প ও মধ্যম আয়ের প্রায় ৪০ হাজার পরিবারের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও দুর্যোগ-সহনশীল আবাসনের সুযোগ সম্প্রসারণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ১০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী ঋণচুক্তিতে এবং পিকেএসএফের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং উভয় চুক্তিতে স্বাক্ষর করেন। ঋণের অর্থ নতুন বাড়ি নির্মাণের পাশাপাশি বিদ্যমান বাড়ি মেরামত ও উন্নয়নে ব্যবহার করা যাবে। বিশেষ করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় গৃহঋণের সুযোগ সীমিত এমন স্বল্প ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য প্রকল্পটি আবাসন অর্থায়নের সুযোগ বাড়াবে। বন্যা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত তাপসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবেলায় সক্ষম আবাসন নির্মাণে প্রকল্পের আওতায় বিশেষ গুরুত্ব দেয়া হবে। বাড়ির নকশা, নির্মাণ ও সুরক্ষাব্যবস্থায় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি বিবেচনায় নেয়া হবে। এর ফলে নিরাপদ আবাসনের পাশাপাশি দুর্যোগে পরিবারগুলোর জীবন ও সম্পদের ঝুঁকি কমানো এবং দীর্ঘমেয়াদি সহনশীলতা বাড়ানো সম্ভব হবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








