
পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালকে উপহার হিসেবে একটি মাইক্রোবাস হস্তান্তর করেছে এবং ব্যাংকের কালেকশন বুথ ও ইলেকট্রনিক বুথ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো: মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ মাহমুদ আলম ও ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান আবু লাইছ মো: শামসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: মেজবাহুর রহমান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এমপি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়নে পূবালী ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয়। হাসপাতালের প্রয়োজনীয়তায় মাইক্রোবাস প্রদান এবং কালেকশন ও ইলেকট্রনিক বুথ স্থাপনের মাধ্যমে রোগী ও সাধারণ মানুষের সেবায় আরো গতি আসবে। ভবিষ্যতেও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে আমি আশা করি। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








