
ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন কুশল মেন্ডিস। তিনি ধনঞ্জয় ডি সিলভার স্থলাভিষিক্ত হলেন, যিনি গতকাল সকালে এই পদ থেকে সরে দাঁড়ান। নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজটি হবে মেন্ডিসের নতুন দায়িত্বের প্রথম অ্যাসাইনমেন্ট। ফেব্রুয়ারি ২০২৪ থেকে আগস্ট ২০২৬-এর মধ্যে ১৮টি টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেয়া ডি সিলভা পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেয়ার পরিকল্পনা থেকে এই দায়িত্ব ছেড়েছেন। তবে তিনি দলের হয়ে খেলার জন্য তৈরি থাকবেন। মেন্ডিস এর আগে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেননি, তবে তিনি দেশটির অন্যতম অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার। চলতি বছরের মে মাসে তাকে স্থায়ীভাবে সাদা বলের ক্রিকেটের (ওয়ানডে ও টি-২০) অধিনায়কত্ব দেয়া হয়।
ওয়ানডেতে ২২টি ম্যাচে অধিনায়কত্ব করার সময় মেন্ডিসের অধীনে দল ১০টি জয় ও ১০টি পরাজয়ের স্বাদ পেয়েছে। টি-২০তে তিনি একমাত্রবার নেতৃত্ব দিয়েছেন চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে, যেখানে শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল। সব মিলিয়ে ৭৫টি টেস্ট ম্যাচে মেন্ডিসের সংগ্রহ চার হাজার ৮৩৬ রান; এই ফরম্যাটে শ্রীলঙ্কার হয়ে তিনি দ্বাদশ সর্বোচ্চ রান সংগ্রাহক। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শীর্ষ দু’টির মধ্যে থাকার দৌড় থেকে শ্রীলঙ্কা প্রায় নিশ্চিতভাবেই ছিটকে পড়ায়, পরবর্তী চক্র শুরুর আগেই মেন্ডিস নিজের অবস্থান শক্ত করে নেয়ার সুযোগ পাবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








