
বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান
আবুধাবির গরমে নতুন ইতিহাসের সামনে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা। আফগানদের বিপক্ষে এর আগেও লাল বলের ক্রিকেটে খেলেছে বাংলাদেশ। তবে এবারের ম্যাচটি আলাদা গুরুত্ব বহন করছে। কারণ দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ ভেনু শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টেস্ট খেলতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা।
আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত দু’টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৯ সালে ঘরের মাঠে ২২৪ রানে হেরেছিল টাইগাররা। ২০২৩ সালে ঘরের মাঠেই ৫৪৬ রানে আফগানদের হারায় বাংলাদেশ। আবুধাবিতে টেস্টের পর শারজাহ ও আবুধাবিতে জিম্বাবুয়েকে সাথে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।
অস্ট্রেলিয়া নিয়ে পড়ে থাকতে চান না শান্ত
গত আগস্টেই বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এসেছে অবিস্মরণীয় সাফল্য। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুনিয়া মাত করে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। তবে মাস দুয়েক পর আরেকটি টেস্টের আগে সেই জয় নিয়ে পড়ে থাকতে চান না বাংলাদেশ অধিনায়ক। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নামার আগে ভিন্ন কন্ডিশনে আলাদা চ্যালেঞ্জ দেখছেন তিনি। আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানদের বিপক্ষে দুপুর ১২টায় একমাত্র টেস্টে নামবে বাংলাদেশ দল।
স্বাভাবিকভাবেই এই ম্যাচের আগে এলো অস্ট্রেলিয়া সিরিজের প্রসঙ্গÑ সেটি টেনে ধরেই শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়ার সাথে আমাদের ভালো একটি সিরিজ গেছে। তবে আমি বিশ্বাস করি সেটি এখন অতীত। এটি একটা নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ। তাই সেভাবেই পরিকল্পনা করতে হবে।’
আদর্শ প্রস্তুতির ঘাটতি
এই টেস্টের আগে আদর্শ প্রস্তুতির একটা ঘাটতির শঙ্কা আছে। ক’দিন আগে টেস্ট দলের ছয় সদস্য ছিলেন জাপানে এশিয়ান গেমসে। সেখানকার আবহাওয়া ছিল শীতল, বৃষ্টিতে অনুশীলনের সুযোগও পাননি। খালি হাতে সেখান থেকে আবুধাবির তীব্র গরমে গিয়ে পড়তে হয়েছে। এর মধ্যে অধিনায়ক শান্ত আক্রান্ত ছিলেন ডেঙ্গু জ্বরে। এসব প্রতিকূলতা আছেই। তবে টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বেশির ভাগ সদস্য খেলায় কিছুটা মানিয়ে নেয়ার সুযোগ দেখেছেন শান্ত, ‘এখানে অবশ্যই কন্ডিশনটা ভিন্ন। আমাদের কয়েকজন খেলোয়াড় একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে, যা এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি খেলোয়াড়রা প্রস্তুত এবং তারা কন্ডিশন ও প্রতিপক্ষের সাথে দ্রুতই খাপখাইয়ে নিতে পারবে।’
অসিদের হারিয়ে দল মানসিকভাবে চাঙ্গা থাকলেও আফগানদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ দেখছেন না অধিনায়ক। চেনা মাঠে আফগানরা শক্তিশালী হলেও ঠিকঠাক পরিকল্পনা ও প্রয়োগে ইতিবাচক ফল পেতে আশাবাদী বাংলাদেশ শিবির।
সিমন্সের সতর্কবার্তা
প্রতিপক্ষ আফগানিস্তানের শক্তিমত্তা ও আবুধাবির পিচ নিয়ে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। তিনি মনে করেন, উইকেট কিছুটা মন্থর হতে পারে এবং আফগানদের স্পিন আক্রমণই হবে মূল পরীক্ষা। ‘উইকেট দেখে বেশ ভালোই মনে হচ্ছে। কিছুটা সেøা হতে পারে, তবে সামগ্রিকভাবে ভালো ক্রিকেট উইকেটের লক্ষণ রয়েছে। আফগানিস্তানের বেশ কয়েকজন মানসম্পন্ন স্পিনারের মুখোমুখি হতে হবেÑ সেই অনুযায়ীই ব্যাটাররা প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি খুব ভালো হয়েছে, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। এখন মাঠে নামার রোমাঞ্চের অপেক্ষা।’
যেভাবে দেখা যাবে টেস্ট
বাংলাদেশ থেকে দর্শকরা টিভি ও ডিজিটাল দুই মাধ্যমেই খেলা দেখতে পারবেন। টিভিতে খেলা দেখাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। এ ছাড়া খেলা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে, কিনে নিতে হবে সাবস্ক্রিপশন। আফগানিস্তানে খেলা দেখাবে আরিয়ানা, টিভি ও ডিজিটাল দুই মাধ্যমেই। উত্তর আমেরিকায় খেলা দেখাবে উইলো টিভি। পাকিস্তানে টিভিতে খেলা দেখাবে এ স্পোর্টস, ডিজিটালে তামাশা। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়াতে খেলা দেখাবে ক্রিকবাজ, টিভি ও ডিজিটাল দুই মাধ্যমেই।
নিরপেক্ষ ভেনুতে প্রথম টেস্ট
সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এর আগে খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবার নিরপেক্ষ ভেনুতে কোনো টেস্ট খেলবে টাইগাররা। আজ আবুধাবিতে মাঠে গড়াচ্ছে এই টেস্ট।
বিশ্ব ক্রিকেটে নিরপেক্ষ ভেনুতে টেস্ট খেলতে যাওয়া ১২তম দল হতে যাচ্ছে বাংলাদেশ। এই তালিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড পাকিস্তানের। ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিরপেক্ষ ভেনুতে ৩৯টি টেস্ট খেলেছে তারা। এর মধ্যে জয় ১৯টিতে।
নিরপেক্ষ ভেনুতে ১৪টি টেস্ট খেলে পাকিস্তানের পরেই আছে অস্ট্রেলিয়া, যদিও তাদের জয় মাত্র সাতটিতে। পাকিস্তান ও অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দল ১০টি টেস্টও খেলেনি নিরপেক্ষ ভেনুতে। সবচেয়ে কম খেলেছে ভারত, মাত্র দু’টি। এই তালিকায় বাংলাদেশ যুক্ত হচ্ছে আজ থেকে। এর আগে সংযুক্ত আরব আমিরাতে টি-২০ ও ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এবার টেস্ট খেলার অভিজ্ঞতা পাবে নাজমুল হোসেন শান্তর দল।
নিরপেক্ষ ভেনুতে সবচেয়ে বেশি টেস্ট
পাকিস্তান ৩৯ টেস্ট ১৯ জয় ১২ হার ৮ ড্র
অস্ট্রেলিয়া ১৪ টেস্ট ৭ জয় ৫ হার ২ ড্র
শ্রীলঙ্কা ৯ টেস্ট ৩ জয় ৩ হার ৩ ড্র
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








