
খাদেমুল ইসলাম মামুন ঘাটাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইলের সংরক্ষিত বনাঞ্চল অস্তিত্ব সঙ্কটে পড়েছে। নির্বিচারে গাছ কাটা, অবৈধ দখল, পাহাড় কাটা, বনের ভেতর দুই শতাধিক করাতকল ও ২০টি ইটভাটার দূষণসহ বিভিন্ন কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে বনভূমির পরিবেশ। এর সাথে যুক্ত হয়েছে শত শত পোলট্রি ফার্ম ও কলকারখানার অপরিশোধিত বর্জ্য। স্থানীয়দের অভিযোগ, সঙ্ঘবদ্ধ গাছ চোরচক্র, অসাধু কাঠ ব্যবসায়ী ও অবৈধ করাতকল মালিকদের দৌরাত্ম্যে বন ধ্বংসের পর্যায়ে পড়েছে।
সম্প্রতি সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজার ২০১৬ দাগের একটি প্লট থেকে ১২টি আকাশমনি গাছ কেটে নেয় একটি চক্র। প্লটটি বন বিভাগের বটতলী বিটের আওতাধীন। খবর পেয়ে বন বিভাগের লোকজন বনের ভেতর থেকে কাটা কাঠ জব্দ করেন। বটতলী বিটের দায়িত্বে থাকা মো: জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগের তথ্যানুযায়ী, ঘাটাইলে বনভূমির পরিমাণ ২৫ হাজার ৭১১ একর। স্থানীয়দের মতে, নব্বইয়ের দশকে সামাজিক বনায়ন কর্মসূচি শুরুর পর থেকেই প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বন ধ্বংসের প্রবণতা বাড়ে। শাল ও গজারিসহ দেশীয় গাছ কেটে সেখানে বিদেশি প্রজাতির গাছ লাগানো হয়েছে। গজারি গাছ কাটা নিষিদ্ধ হলেও তা মানছে না চোরচক্র। গাছের গোড়া উপড়ে নেয়ায় প্রাকৃতিকভাবে নতুন চারা গজানোর সুযোগও থাকছে না।
সম্প্রতি বটতলা, ঝড়কা ও সাগরদিঘী বিটের বগা, খাগরাটা, দেওপাড়া, কুশারিয়া ও ছনখোলা এলাকা ঘুরে দেখা যায়, একসময় গজারি গাছে আচ্ছাদিত অনেক টিলা এখন প্রায় বৃক্ষশূন্য। কোথাও কোথাও গাছের গোড়াও তুলে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে বনের গাছ লুট করে আসছে। চুরি করা কাঠ ঝুঁকি কম থাকায় কাভার্ডভ্যানে করে পাচার করা হয়। পরে এসব কাঠ বনের ভেতরে গড়ে ওঠা করাতকল ও আশপাশের ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র বলেন, ঘাটাইলের সংরক্ষিত বন রক্ষায় বন বিভাগ ও স্থানীয় জনগণকে আরো যতœশীল হতে হবে। গাছ লুটেরাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শালবন রক্ষায় হাইকোর্টে রিট করা হয়েছে এবং আদালত নির্দেশনাও দিয়েছেন। তথ্য-প্রমাণ পেলে ঘাটাইলের বন রক্ষায়ও আইনি উদ্যোগ নেয়া হবে।
ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো: সাব্বির হোসেন বলেন, গৌরিশ্বর এলাকা থেকে চুরি হওয়া ২৪ খণ্ড কাঠ সম্প্রতি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বন রক্ষায় অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








