
গফরগাঁওয়ে হচ্ছে ১৫১ শয্যার হাসপাতাল
ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দেশের ৪২৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীতকরণ এবং নবসৃষ্ট ১৬টি উপজেলায় নতুন স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। এই তালিকার ১৪ নম্বরে রয়েছে দক্ষিণ গফরগাঁও। ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, এই সিদ্ধান্ত এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের সূচনা করবে এবং স্থানীয় উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হলে এলাকার অবহেলিত জনগোষ্ঠী ঘরের কাছেই উন্নত চিকিৎসার সুযোগ পাবে। এটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির প্রতিফলন।
দক্ষিণ গফরগাঁও (ময়মনসিংহ) থেকে সংবাদদাতা।
আধা ঘণ্টার ব্যবধানে ২ ভাইয়ের মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বড় ভাইয়ের মৃত্যুর মাত্র আধা ঘণ্টা পর মারা গেছেন ছোট ভাইও। জীবদ্দশায় তাদের সম্পর্ক গভীর ছিল। কর্মজীবনেও ছিলেন একসঙ্গে। মৃত্যুর পরও সেই বন্ধন অটুট রেখে একই সাথে জানাজা শেষে তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান বড় ভাই আব্দুল জলিল মিয়া (৭৫)। এ খবর বাড়িতে পৌঁছালে ছোট ভাই জয়নাল আবেদীন জুনু (৭০) অসুস্থ হয়ে পড়েন এবং নিজ বাড়িতে মারা যান। তারা উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় গ্রামের বাসিন্দা। যৌবনে দুজনে একসাথে আদমজী জুট মিলে চাকরি করতেন এবং মিল বন্ধের পর গ্রামেই বসবাস শুরু করেন। বুধবার বাদ জোহর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাদের দাফন করা হয়। একই দিনে দুই ভাইয়ের এমন প্রস্থানে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা।
জালিয়াতি চক্রের ৩ সদস্য রিমান্ডে
নেত্রকোণার মোহনগঞ্জে জাল এনআইডি ও ভুয়া খতিয়ান তৈরি চক্রের তিন সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নেত্রকোণা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক সানজানা হক এ আদেশ দেন। আসামিরা হলেন টেংগাপাড়া গ্রামের এস এম রাকিবুল হক বাপ্পি (২৮), আলোকদিয়া গ্রামের শাকিল (৩২) এবং হাট মোহনগঞ্জের সুটন দত্ত (৪৩)। গত মঙ্গলবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। এই চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স ও জাল দলিল তৈরির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনায় উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী সাদ্দাম হোসেন বাদী হয়ে মামলা করেন। মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা।
কুবিতে ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
শিক্ষাছুটি শেষে কর্মস্থলে যোগ না দেয়া এবং অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত আদেশে এটি জানানো হয়। গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১১তম সভায় এ সিদ্ধান্ত হয়। পদ শূন্য হওয়া শিক্ষকরা হলেন পরিসংখ্যানের সহকারী অধ্যাপক দিপা রানী দাস, রসায়নের দেবাশীষ সেন, ফার্মেসির সুমাইয়া হক চাঁদনী, মার্কেটিংয়ের সহযোগী অধ্যাপক মো: আবদুল্লাহ, সিএসইয়ের মো: কামাল হোসেন এবং মার্কেটিংয়ের মেহেদী হাসান। রেজিস্ট্রার জানান, ছুটি শেষে ফিরে না আসায় ও আবেদনের কারণে সিন্ডিকেট পদ শূন্যের সিদ্ধান্ত নেয়। তবে এখনো কাউকে আনুষ্ঠানিক অব্যাহতি দেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের কোনো পাওনা থাকলে তা আদায়ের লেনদেন চলছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের স্থায়ী অব্যাহতি দেয়া হবে। কুমিল্লা প্রতিনিধি ও কুবি সংবাদদাতা।
কাপড়ের রঙে মিষ্টি তৈরি, জরিমানা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও অননুমোদিত কাপড়ের রং ব্যবহারের দায়ে একটি মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে উপজেলার ‘আদি ইসলামীয়া মিষ্টান্ন ভাণ্ডারে’ এই অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাসিবুল হাসান। অভিযানকালে মিষ্টি, লাড্ডু ও দইয়ে বিষাক্ত বিষময় অননুমোদিত রঙ ব্যবহারের প্রমাণ মেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোস্তফা হাওলাদারকে এই জরিমানা করা হয়। একই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা ছানা ও ক্ষতিকর কেমিক্যাল জব্দ করে ধ্বংস করা হয়। ইউএনও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হবে। ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা।
বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৪
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৭) নামে এক চালকল শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চার শ্রমিক। গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ‘হাজি ইসারত আলী চালকলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক স্থানীয় হাঁপানিয়া পাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে শ্রমিকরা চাতালে ধান সিদ্ধ করার সময় হঠাৎ বিকট শব্দে বয়লারের বিস্ফোরণ ঘটে। চারদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ধোঁয়া কমলে সহকর্মীরা খালেককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা নওগাঁ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন। সদর থানার এসআই রেজাউল করিম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। নওগাঁ প্রতিনিধি।
অবৈধ মজুদ সার আদালতের আদেশে বিক্রি
অবৈধভাবে মজুদ করা উদ্ধারকৃত বিপুল পরিমাণ রাসায়নিক সার বিচারিক আদেশে উন্মুক্ত দামে কৃষকদের কাছে বিক্রি শুরু হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যে এই সার বিতরণ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জীবননগর থানা ও হাসাদাহ পুলিশ ক্যাম্প প্রাঙ্গণে বিক্রি শুরু হয়। প্রতিটি কৃষককে কৃষক কার্ড প্রদর্শন সাপেক্ষে এক হাজার ৫০ টাকা মূল্যে সর্বোচ্চ এক বস্তা সার দেয়া হচ্ছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই স্থান থেকে মোট ৯১২ বস্তা ডিএপি, ইউরিয়া, টিএসপি ও এমওপি সার জব্দ করেছিল। ইউএনও আলমগীর হোসেন জানান, সুসংগঠিত পরিবেশে প্রান্তিক কৃষকের হাতে সার পৌঁছে দেয়া হচ্ছে। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, সার বিক্রির প্রাপ্ত সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।
সীমান্তে ২৩ লাখ টাকার মাদক জব্দ
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৩ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে ইয়াবা, স্কাফ সিরাপ, মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট, চকলেট বাজি, বিড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গত বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। কাজিপুর সর্দারপাড়া, জামালপুর, মাঠপাড়া, পাকুড়িয়া এবং চল্লিশপাড়া বিওপির এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কুষ্টিয়া প্রতিনিধি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








