
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
সাত বছরের ছোট্ট অনুষ্কার ঘিরেই ছিল বাবা-মায়ের সব স্বপ্ন। একমাত্র সন্তানকে নিয়ে সুখেই কাটছিল পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক শীলের পরিবার। কিন্তু হঠাৎ অসুস্থতা বদলে দিয়েছে সেই পরিবারের চিত্র। চিকিৎসকরা জানিয়েছেন, অনুষ্কার ব্রেন টিউমার হয়েছে। দ্রুত অস্ত্রোপচার না করালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।
পরিবার সূত্রে জানা যায়, শুরুতে অনুষ্কার অসুস্থতাকে সাধারণ সমস্যা মনে করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা ব্রেন টিউমার শনাক্ত করেন এবং দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। চিকিৎসা ব্যয়ের হিসাব শুনে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি। অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অনুষ্কার বাবা মানিক শীল পেশায় চুল কাটার কাজ করেন। মেয়ের চিকিৎসার জন্য এরই মধ্যে সাধ্যমতো চেষ্টা করছেন তিনি। কিন্তু চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে এখন অনেকটাই অসহায় হয়ে পড়েছেন।
এখন অনুষ্কার পরিবারের অপেক্ষা মানুষের সহমর্মিতা ও সহযোগিতার। সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখতে পারবে সাত বছরের এই শিশু। বিকাশ নম্বর : ০১৭২৫-০৯৭৬৩৩
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








