
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার প্রত্যন্ত আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র দু’জন। দীর্ঘদিনের শিক্ষক সঙ্কটে পাঠদান ও বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।
উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কংস নদের তীরে বিদ্যালয়টির অবস্থান। স্থানীয়দের উদ্যোগে প্রয়াত আজগর আলী ১৯৭৪ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। ১৯৮৬ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
বিদ্যালয়ে কর্মরত দুই শিক্ষকের একজন শওকত আলী। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করছেন। ২০১০ সালের ২৪ জুন থেকে তিনি বিদ্যালয়টিতে শিক্ষকতা করছেন। অপর শিক্ষক মোহাম্মদ শাহিনুর মিয়া ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে কর্মরত।
বিদ্যালয়টিতে পাঁচটি শ্রেণীতে ১৪১ শিক্ষার্থী থাকলেও শিক্ষক মাত্র দু’জন হওয়ায় একাধিক শ্রেণীর পাঠদান সামলাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। একই সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন, দাফতরিক কাজ ও পাঠদান চালিয়ে যেতে হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। এতে শিক্ষার্থীদের নিয়মিত ও মানসম্মত পাঠদান নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা।
অভিভাবক ও এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক পদায়নের দাবি জানিয়েছেন।
মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান জুনায়েদ বলেন, বিষয়টি আমি জানি। জেলা অফিসকে জানিয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত শিক্ষক সঙ্কটের সমাধান করে বিদ্যালয়টিতে স্বাভাবিক পাঠদানের পরিবেশ নিশ্চিত করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








