বাগমারায় শিক্ষককে অনিয়ম করে চাকরিচ্যুতি

 বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের অভ্যাগতপাড়া নিম্নœমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী নীরেন্দ্রনাথ প্রাংকে বিধিবহির্ভূতভাবে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়ানুছ আলীর বিরুদ্ধে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
ইউএনও রিজু তামান্নার নির্দেশে গত ৫ অক্টোবর এ কমিটি গঠন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান ও একাডেমিক সুপারভাইজার ড. মো: আ: মৌমিত।
অভিযোগে বলা হয়, যথাযথ নিয়মনীতি অনুসরণ না করে এবং আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ না দিয়েই নীরেন্দ্রনাথকে চাকরিচ্যুত করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষক নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়ানুছ আলী বলেন, মাধ্যমিক শাখায় নিয়োগ পেয়েও প্রতিষ্ঠানটি নিম্নমাধ্যমিক হওয়ায় নীরেন্দ্রনাথ নিজেই চলে গেছেন। প্রতিষ্ঠানে যোগদানের সময় তিনি উন্নয়ন তহবিলে ৭০ হাজার টাকা দিয়েছিলেন, যা দ্রুত ফেরত দেয়া হবে। কমিটির আহ্বায়ক ডা. আহসান হাবিব জানান, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement