
জিয়ো নিউজ টিআরটি ওয়ার্ল্ড ও আলজাজিরা
সৌদি আরবের দু’টি আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নারীসহ তিনজন বেসামরিক বিদেশী নাগরিক প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। দেশটির অভিযোগ, ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা এই বিমান হামলা চালিয়েছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হাউছিদের আঘাতে একজন সুদানি নাগরিক নিহত এবং পাঁচজন সৌদি নাগরিকসহ আটজন আহত হন। অন্য দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নাগরিকের মৃত্যু হয় এবং আহত হন আরো ২৮ জন। এই হামলার ঘটনার পরপরই সৌদি আরবে অবস্থানরত নিজস্ব নাগরিকদের নিরাপত্তা বজায় রাখতে বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। একই সাথে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)।
এ দিকে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদি ভূখণ্ড ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় যৌথ প্রতিরক্ষা জোরদার করতে পাকিস্তান ও তুরস্কের সেনা মোতায়েনের উদ্যোগ গৃহীত হয়েছে। যৌথ চুক্তি বাস্তবায়নে আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সহযোগী ভূমিকা পালন করছে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে যৌথ সামরিক মোতায়েন মূলত প্রতিরক্ষামূলক সীমানার মধ্যে সীমিত থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা। তবে তেহরানের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, হাউছিদের বিরুদ্ধে সরাসরি কোনো আক্রমণাত্মক অভিযানে এই বাহিনী অংশ নিলে তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। বর্তমানে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হাউছিদের দখলে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধারে ব্যাপক পাল্টা অভিযান শুরু করেছে।
হাউছি দমনে ইয়েমেনি বাহিনীর তীব্র অভিযান
ইয়েমেনে হাউছি বিদ্রোহীদের দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে পরিচালিত ‘ডন অব ইয়েমেন’ অভিযানে এক হাজার ৮৬০ জন হাউছি সেনাকে নিষ্ক্রিয় করার দাবি করেছে দেশটির সৌদি সমর্থিত সরকার। ইয়েমেনি সামরিক মুখপাত্র জানান, কৌশলগত পাহাড়ি এলাকা ও উপকূলীয় মোখা অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে তারা দুই হাজার ১০৩টি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে।
সৌদিতে পাক সৈন্য মোতায়েন ও হাউছি হামলা প্রতিহতে ত্রিদেশীয় জোটে সমর্থন ট্রাম্পের
সৌদি আরবের প্রতিরক্ষায় সামরিক সহায়তা ত্বরান্বিত করতে তুরস্ক ও পাকিস্তানের কৌশলগত অবস্থানকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে দীর্ঘ সময় ধরে পাকিস্তানি সেনাসদস্যদের অবস্থান এবং নতুন ত্রিদেশীয় সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সিএনএন-এর প্রশ্নের জবাবে তিনি জানান, বহুপক্ষীয় এই কূটনৈতিক ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই ত্রিদেশীয় যৌথ নিরাপত্তা বলয় গড়ে উঠেছে। অন্য দিকে টেক্সাস সফরের প্রাক্কালে হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রিয়াদকে সুরক্ষিত করতে এই দুই দেশের তৎপরতা একটি ‘ইতিবাচক উদ্যোগ’।
এ দিকে ইয়েমেনের তায়েজ প্রদেশের আকাশে সৌদি আরবের ব্যবহৃত একটি তুর্কি নির্মিত সশস্ত্র ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে হাউছি বাহিনী। সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, উপযুক্ত ক্ষেপণাস্ত্রের সাহায্যে ড্রোনটি ধ্বংসের পাশাপাশি বাব এল-মানদেব প্রণালির কাওয়াহ সামরিক ক্যাম্প, আল-সাকিয়া ও রাস আল-আরা এলাকায় সৌদি সমর্থিত বাহিনীর ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে প্রতিপক্ষের বহু সামরিক সদস্য নিহত ও আহত হওয়ার পাশাপাশি অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে হাউছি গোষ্ঠী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








