প্যারিসে ৭ অক্টোবরের ফিলিস্তিনপন্থী সমাবেশ নিষিদ্ধ

ফ্রান্স থেকে প্রতিনিধি

Advertisement

গাজায় যুদ্ধ বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে ৭ অক্টোবর প্যারিসে ডাকা একটি ফিলিস্তিনপন্থী বিক্ষোভ নিষিদ্ধ করেছে ফরাসি পুলিশ। ‘আর্জেন্স প্যালেস্টাইন’ জোটের ডাকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ বিক্ষোভ হওয়ার কথা ছিল। পুলিশের দাবি, ওই দিন ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার তৃতীয় বার্ষিকী উপলক্ষে প্যারিসে বিভিন্ন স্মরণ অনুষ্ঠান থাকায় বিক্ষোভ ঘিরে জনশৃঙ্খলা বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে। প্যারিস পুলিশ প্রিফেকচারের আদেশে বলা হয়েছে, ‘গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং যুদ্ধবিরতির প্রতি সম্মানের দাবিতে’ আয়োজিত বিক্ষোভটি প্যারিসের ১৮তম আরোঁদিসমঁ বা প্রশাসনিক এলাকার শাতো রুজ থেকে জুল-জোফ্রাঁ পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে ফ্রান্সে বর্তমানে সন্ত্রাসী হামলার হুমকি উচ্চপর্যায়ে রয়েছে। একই সাথে দেশটিতে ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ডও উদ্বেগজনক মাত্রায় রয়েছে। এমন পরিস্থিতিতে ৭ অক্টোবরের মতো সংবেদনশীল দিনে এ ধরনের বিক্ষোভ বড় ধরনের উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে বিক্ষোভ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছরের ৭ অক্টোবর একই সংগঠনের ডাকা একটি বিক্ষোভের ঘটনাও নিষেধাজ্ঞার আদেশে উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, ওই সমাবেশে ইসরাইল, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেয়া হয়েছিল। এসব স্লোগান ফ্রান্সের ইহুদি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল।
পুলিশের আশঙ্কা, এবারো একই ধরনের স্লোগান দেয়া হতে পারে। এতে জনশৃঙ্খলা বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই সমাবেশটি আগেই নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে ‘আর্জেন্স প্যালেস্টাইন’। সংগঠনটি প্রশাসনিক আদালতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। তাদের বক্তব্য, গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার তাদের রয়েছে।