সরকারি দামে বিক্রির নির্দেশ প্রশাসনের

 বগুড়া অফিস 
অসাধু ডিলারদের কারসাজিতে দাম নিয়ন্ত্রণে আসছে না  বেসরকারি মালিকানাধীন গ্যাস সিলিন্ডারের বাজার। ১২ কেজি ওজনের প্রতি সিলিন্ডারের দাম সরকার ১,৮৩৭ টাকা নির্ধারণ করে দিলেও তা মানছেন না কোনো ডিলার। বগুড়ার বিভিন্ন দোকানে প্রতি সিলিন্ডারে গ্যাস বিক্রি করা হচ্ছে ২৫০০-২৬০০ টাকা। ফলে ভোক্তাদের প্রতি সিলিন্ডারে অতিরিক্ত খরচ করতে হচ্ছে ৭০০-৮০০ টাকা। এতে সিলিন্ডার গ্রাহকরা  অসাধু ব্যবসায়ীদের প্রতি চরম ক্ষুব্ধ। 
জানা গেছে, বেশ কয়েক বছর আগেই  বিপিসির আওতাধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি ডিলারদের নিকট গ্যাস বিক্রি বন্ধ করেছে। এ কারণে বেসরকারি কোম্পানিগুলো একচেটিয়াভাবে বাজার নিয়ন্ত্রণ করছে। এ কারণে ভোক্তারা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। বগুড়া মহানগরীর সূত্রাপুর এলাকার  মনির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ। এমনিতেই আয় কম। তারপর আবার এক লাফে ২৫২ টাকা দাম বাড়ানোর ফলে আমরা কঠিন অবস্থার মধ্যে পড়েছি। 
চলতি সপ্তাহে সরকার ১২ কেজি ওজনের প্রতি গ্যাস সিলিন্ডারের দাম ২৫২ টাকা বৃদ্ধি করেছে। তবে ডিলাররা ওই দামে বিক্রি না করে তারা ২৫০০-২৬০০ টাকা দরে বিক্রি করছে। ফলে গ্রাহকদের নাভিশ্বাস উঠেছে। 
এমন অবস্থায় গতকাল দুপুরে বগুড়া জেলা প্রশাসন বিভিন্ন বেসরকারি কোম্পানির ঊর্ধŸতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন। সরকারের পক্ষ থেকে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরকার নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেয়া হয়। সভায় বেসরকারি কোম্পানির ডিলাররা অভিযোগ করেন , তাদের নিজ নিজ  কোম্পানির  কর্মকর্তারা সরকারি দামের চেয়ে বেশি নিচ্ছেন। তারা কোনো বিক্রির রসিদ দেন না। তাই আমরা সরকারি দামে সিলিন্ডার কিনতে ও বিক্রি করতে পারি না। 
বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্বে এলপিজি ব্যবস্থাপনা ও বাজার পরিস্থিতিসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুদ হোসেন, বগুড়া এলপি গ্যাস পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক  সাফিকুর রহমান সাফি, ফ্রেশ অপারেটরের ডেপুটি ম্যানেজার ওয়াহেদুল ইসলাম, ওমেরা অপারেটরের ডিভিশনাল সেলস ম্যানেজার মহিদুল ইসলামসহ বিভিন্ন গ্যাস অপারেটর প্রতিনিধি, ডিলার, রিটেইলার।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, গ্যাস সিলিন্ডার মজুদ করা যাবে না। নিয়মিত বাজার মনিটরিং করা হবে এবং সরকার কর্তৃক নির্ধারিত দামের বেশি মূল্য নেয়া যাবে না।

Advertisement