হাসিনা ফিরলে কিছু হবে না ভাইরাল অডিওটি সাবেক ওসিরই : ডিবি

নিজস্ব প্রতিবেদক 
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’- সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই চাঞ্চল্যকর মন্তব্যসংবলিত অডিওর কণ্ঠটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামেরই বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে পুলিশের অবস্থান স্পষ্ট করেন। 
সাবেক এই কর্মকর্তা নিষিদ্ধ দলের কোনো মহলের কাছে রাষ্ট্রীয় বা অভ্যন্তরীণ তথ্য পাচার করেছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো: শফিকুল ইসলাম জানান, পুরো বিষয়টি বর্তমানে অত্যন্ত সতর্কতার সাথে তদন্তাধীন রয়েছে এবং একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয়। তিনি কার সাথে কথা বলেছেন, কেন বলেছেন, কোন পরিপ্রেক্ষিতে কোথায় এই আলাপ-আলোচনা করেছেন- সব কিছুই আমরা খতিয়ে দেখছি। গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে সাবেক এই ওসিকে গ্রেফতার করা হয়। পরে তাকে দুই দফায় রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  
আদালতের অনুমতিসাপেক্ষে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে ‘ভয়েস টেস্ট’ বা কণ্ঠস্বর পরীক্ষা করিয়ে ডিবি নিশ্চিত হয়েছে যে, রেকর্ডটি কোনোভাবেই কৃত্রিম উপায়ে বানানো বা বিকৃত নয়; এটি সম্পূর্ণরূপে সাবেক ওসি রাকিবুলের নিজস্ব কণ্ঠ।

Advertisement