১০ এয়ারবাস কেনার চুক্তি করল বিমান

নয়া দিগন্ত ডেস্ক
বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনছে সরকার। এ বিষয়ে গতকাল রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এয়ারবাসের সাথে চুক্তি করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ১০টি উড়োজাহাজ কিনতে কত অর্থ খরচ হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি বাংলাদেশ বা এয়ারবাস।
চুক্তির আওতায় এয়ারবাস থেকে চারটি এ৩৫০-৯০০ ও ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কিনবে বিমান। প্রশস্ত কাঠামোর এ৩৫০-৯০০ মূলত দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং সরু কাঠামোর এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহার করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০৩৩ সালে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে পারে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার উপস্থিত ছিলেন।

Advertisement