শাবিপ্রবিতে নিয়মতান্ত্রিক সিট বণ্টন ও নির্বাচনের দাবি ছাত্রশিবিরের

 শাবিপ্রবি প্রতিনিধি 

Advertisement

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে নিয়মতান্ত্রিকভাবে সিট বণ্টন, দ্রুত শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজন এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতসহ বিভিন্ন দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বুধবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। 
ছাত্রশিবিরের দাবিগুলোর মধ্যে রয়েছে- হলের ফাঁকা সিট দলীয় সুপারিশের পরিবর্তে স্বচ্ছ প্রক্রিয়ায় বরাদ্দ, দ্রুত শাকসু নির্বাচন আয়োজন, উন্নয়ন প্রকল্পে নির্মাণকাজের মান ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত। এ ছাড়া ক্যাম্পাস ও আবাসিক হলে নিরবচ্ছিন্ন ওয়াইফাই, মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পরিবহন সমস্যা সমাধানের দাবিও জানানো হয়।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুজাহিদুল ইসলাম অভিযোগ করেন, হলের ফাঁকা সিটগুলোতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বরাদ্দ না দিয়ে দলীয় রেফারেন্সে শিক্ষার্থী তোলা হচ্ছে। তিনি অবিলম্বে হল প্রশাসনের মাধ্যমে বিভাগ অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় সিট বরাদ্দের দাবি জানান। 
শাহপরাণ হলে ছাত্রদল নেতাদের সিট বরাদ্দ দেয়ার অভিযোগ তুলে মুজাহিদুল ইসলাম বলেন, ছাত্রদল নিয়মবহির্ভূতভাবে সিট নিয়ে নিজেদের দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করছে। তবে এ বিষয়ে ছাত্রদলের বক্তব্য পাওয়া যায়নি। 
শাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি ও ছাত্রদলের বাধার কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসনের কাছে শাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাক্ষাতের সময় না দেয়া হলেও ছাত্রদলকে সময় দেয়া এবং তাদের কর্মসূচিতে প্রশাসনের উপস্থিতির অভিযোগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ছাত্রদলের কর্মসূচি প্রচারে ব্যবহারের অভিযোগও করেন তিনি। মুজাহিদুল ইসলাম বলেন, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে শাকসু নির্বাচন নিয়ে আন্দোলনরত সব পক্ষের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। 
উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের দাবি জানিয়ে তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ক্যাম্পাস ও হলে ইন্টারনেটের মানোন্নয়ন, স্বাস্থ্যকর খাবার নিশ্চিত এবং চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে কার্যকর নিরাপত্তাব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। পরিবহনে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থারও দাবি জানান। সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, অফিস সম্পাদক শাকিল মাহমুদ ও প্রচার সম্পাদক রেজা-ই-রাব্বি সাফওয়ান উপস্থিত ছিলেন।