
সংসদ প্রতিবেদক
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের প্রতি যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সাথে মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের আওতায় আনা, উপজেলা পর্যায়ে প্রতি বছর নিয়মিত খেলাধুলার আয়োজন এবং দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেয়ার সুপারিশ করেছে কমিটি। সেই সাথে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বন্ধে কঠোর নজরদারি ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো: আবুল খায়ের ভূঁইয়া সভাপতিত্বে বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দফতর-সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে কমিটির সদস্য মোরশেদ মিলটন, অ্যাডভোকেট মো: জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, মো: ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) ও মো: আতাউর রহমান অংশ নেন। কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকও বৈঠকে উপস্থিত ছিলেন। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে বৈঠকে। এজন্য দেশের বেকার যুবক-যুবতীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় আনার সুপারিশ করা হয়। পাশাপাশি যুবকদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সারা দেশের উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের সুপারিশ করেছে কমিটি। সেই সাথে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ ও সারা দেশে পর্যায়ক্রমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের লক্ষ্য বাস্তবায়নেও সংশ্লিষ্ট এমপিদের নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়েছে। বৈঠকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার-প্রচারণা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








