
বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও বৈষম্যমুক্ত সুসমবণ্টনের ভিত্তিতে মিলেমিশে বসবাস করতে পারে, সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী সাচিং প্রু।
গতকাল সচিবালয়ে মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, আশাকরি বাংলাদেশ, তথা পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফ্রান্স সরকারের বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ রক্ষা, কৃষি, ইকো-ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষ নিরন্তর কাজ করে যাচ্ছে।
বৈঠকে পাহাড়ে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম, শান্তি-শৃঙ্খলা রক্ষা, সুষম উন্নয়ন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি সরবরাহ এবং মানবাধিকার সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশ ও ফ্রান্স সরকার আরো ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করে। এ সময় বাংলাদেশে ফ্রান্সের গভর্ন্যান্স অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাটাচে এমিলি পালাহুন এবং মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








