বিতর্ক পিছু ছাড়ছে না ইনফান্তিনোর

 ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় গত ১৯ জুলাই শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবলের আসর। মেগা আসরটি শেষ হলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে একের পর এক বিতর্কের পর এবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। ইনফান্তিনোর বিরুদ্ধে সম্ভাব্য ক্ষমতার অপব্যবহার, স্বার্থের সঙ্ঘাত এবং ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ফিফার এথিকস কমিটি ও গভর্ন্যান্স, অডিট অ্যান্ড কমপ্লায়েন্স কমিটির কাছে অভিযোগ জমা দিয়েছে নরওয়ে।
নরওয়ের অভিযোগে মূলত তিনটি বিষয় সামনে এসেছে। এর মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ফিফার নতুন ‘পিস প্রাইজ’ দেয়া, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই পরিকল্পনায় ট্রাম্পের ঘনিষ্ঠ জোশুয়া কুশনারের প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের শাস্তি প্রত্যাহার। নরওয়ের মতে, তিনটি ঘটনাতেই ইনফান্তিনোর ভূমিকা নিয়ে স্বচ্ছতা প্রয়োজন।
বালোগুন-কাণ্ডই অবশ্য সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে লালকার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড। পরে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এ ঘটনায় ট্রাম্পের সাথে ইনফান্তিনোর যোগাযোগের বিষয়টি সামনে আসায় ইউরোপের ফুটবল মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বেলজিয়ামও ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন না দেয়ার সিদ্ধান্ত নেয়।

Advertisement