পাকিস্তান, স্পিকার, হাফিজ উদ্দিন, হাইকমিশনার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ইউএনবি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

Advertisement

রোববার (১ নভেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তানজানিয়ায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম সম্মেলনে সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন করায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এছাড়া পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়েও মতবিনিময় হয়।

স্পিকার এ সময় আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন পর্যবেক্ষণের জন্য পাকিস্তানের হাইকমিশনারকে আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তান সফরে যাবেন বলে সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি