
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরে জয় দিয়ে অভিযান শুরু করেছে খুলনা বিভাগ। প্রথম রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগকে ইনিংস ও ১৩৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের খুলনা। তিন দিনেই নির্ধারিত হয়েছে ম্যাচের ফল।
নিজেদের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে খুলনা প্রথম ইনিংসে ৪২৬ রানের বড় সংগ্রহ গড়ে। বরিশালের রুয়েল মিয়া নেন পাঁচ উইকেট। জবাবে ৯৪ রানেই অলআউট হয় বরিশাল। প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকে ফলোঅন করে বরিশাল। দ্বিতীয় ইনিংসেও ১৯৭ রানে গুটিয়ে গেলে ইনিংস ও ১৩৫ রানে জয় পায় খুলনা।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা বিভাগ ১ম ইনিংস : ৪২৬/১০ (কালাম সিদ্দিকী ৯২, মোহাম্মদ মিঠুন ৮৯, আফিফ হোসেন ৫০; রুয়েল মিয়া ৫/৮০, মইন খান ২/৮২)।
বরিশাল বিভাগ ইনিংস : ৯৪/১০ ও ১৯৭/১০ (হাফিজুর রহমান ৯১, সফর আলী ৪/৩১)।
সাদিকুরের সেঞ্চুরি
রাজশাহীর বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছে চট্টগ্রাম। আগের দিন মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরির পর গতকাল সেঞ্চুরি পেয়েছেন সাদিকুর রহমানও। এটি তার ক্যারিয়ারের চতুর্থ প্রথম শ্রেণীর সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৫৮ বলে ১২ চারের সাহায্যে ১১৫ রানের ইনিংস খেলেন তিনি।
দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৯৩ রান করে রাজশাহীর বিপক্ষে ২৯ রানের লিড নেয় চট্টগ্রাম। জবাবে দ্বিতীয় ইনিংসে ১৪ ওভারে দুই উইকেটে ৪৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে রাজশাহী। সব মিলিয়ে তাদের লিড এখন ১৭ রানের। প্রথম ইনিংসে ৩৬৪ রান করে রাজশাহী।
তাইবুরের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা
প্রথম দুই দিন চালকের আসনে থাকা রংপুরকে তৃতীয় দিনে টপকে গেছে ঢাকা। তাইবুর রহমানের সেঞ্চুরি (১০৮) ও বিশেষজ্ঞ পেসার সুমন খানের ক্যারিয়ারসেরা ইনিংসে (৯৪) ব্যাটিং বিপর্যয় সামলে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের দল। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে রংপুরের ৩৪০ রানের জবাবে শেষ পর্যন্ত ২৮৪ রানে থামে ঢাকা। ফলে প্রথম ইনিংসে রংপুর পায় ৫৬ রানের লিড। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬.১ ওভারে ছয় রান তুলতেই হারায় তিন উইকেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








