
নিজস্ব প্রতিবেদক
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ৭ অক্টোবর ‘মার্চ ফর ইনসাফ’ শীর্ষক এ কর্মসূচি তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু হয়ে টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা এতে সঞ্চালনা করেন। সভায় ‘মার্চ ফর ইনসাফ’-এর রূপরেখা ও বিভিন্ন ধাপ তুলে ধরেন আয়োজকরা।
আয়োজকদের ভাষ্য, ৩৬ দিনের এই কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলে পদযাত্রার পাশাপাশি পথসভা ও সমাবেশ করা হবে। এসব কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় মানুষের সাথে সরাসরি যোগাযোগের পাশাপাশি ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ ধাপে উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে অগ্রসর হবে ‘মার্চ ফর ইনসাফ’। আগামী ২১ অক্টোবর রাজধানীর শাহবাগে শহীদ শরিফ ওসমান হাদি চত্বরে সমাবেশ করার কথা রয়েছে। সেখানে কর্মসূচির একটি পর্ব শেষ করে পদযাত্রাটি দেশের পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাবে।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল এবং বাংলাদেশ গ্রিন পার্টির মুখপাত্র ইউসুফ আম্মার।
এ ছাড়া কবি বোরহান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান, সাধারণ আলেম সমাজের সাধারণ সম্পাদক কবির হোসেন, জুলাইয়ে চোখ হারানো যোদ্ধা আব্দুল্লাহ আল শাফিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং জেডিপির আহ্বায়ক নাঈম আহমদসহ আরো অনেকে বক্তব্য দেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ কর্মসূচিটির প্রতি সংহতি জানান। একই সাথে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এই দীর্ঘ পদযাত্রায় সমাজের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








