
সিএনএন
দেশজুড়ে তীব্র আবাসন সঙ্কট ও চরম গণ-অসন্তোষের মুখে পড়ে আগাম জাতীয় নির্বাচনের পথ বেছে নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গতকাল সোমবার মাদ্রিদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘প্যালেস অব মনক্লোয়া’ থেকে সম্প্রচারিত এক জরুরি দূরদর্শন ভাষণে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
আগামী ২৯ নভেম্বর দেশটির আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতির উদ্দেশে দেয়া সেই ভাষণে পেদ্রো সানচেজ বলেন, স্পেন কোনো রাষ্ট্রচিন্তা ও রূপরেখা নিয়ে সামনে এগোবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার এখন স্প্যানিশ নাগরিকদেরই। মূলত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আবাসন সঙ্কট সামাল দিতে ও ক্রমবর্ধমান গণবিক্ষোভ প্রশমিত করতে দু’টি জরুরি অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছিল স্পেন সরকার। তবে স্প্যানিশ পার্লামেন্টে প্রয়োজনীয় আসনসংখ্যা না থাকায় অধ্যাদেশ দু’টি পাসে ব্যর্থ হয় সরকার। আইন পাসের এই ব্যর্থতার ৭২ ঘণ্টা পার হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে নতুন নির্বাচনের দিনক্ষণসংক্রান্ত ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী। অন্য দিকে লাগামহীন আবাসন সঙ্কটের প্রতিবাদে রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থল পুয়ের্তা দেল সোল চত্বর অবরুদ্ধ করে টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। তীব্র এই নাগরিক অসন্তোষ শুধু রাজধানীতেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে স্পেনের অন্যান্য প্রধান নগরেও।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








