অ্যাপ্লাইড আইসিটিতে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

 গাজীপুর মহানগর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স দ্বিতীয় বর্ষের ‘অ্যাপ্লাইড আইসিটি’ কোর্সের পাঠদান আরো কার্যকর করতে মাঠপর্যায়ে নামছে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম। এ লক্ষ্যে ৯০০ জন মাস্টার ট্রেইনার তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত করা হবে ৯০ জন কোর ট্রেইনার। পর্যায়ক্রমে প্রায় সাড়ে চার হাজার শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
কারিকুলাম ও প্রশিক্ষণসামগ্রী ভ্যালিডেশন শেষে এখন প্রশিক্ষণ কার্যক্রম রোলআউটের প্রস্তুতি চলছে। সোমবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রশিক্ষণ কার্যক্রমের রোলআউট পরিকল্পনা, ক্যালেন্ডার ও সময়সূচি, প্রশিক্ষক নির্বাচন, বাজেট, প্রশিক্ষণ এলাকা নির্ধারণ এবং অগ্রগতি পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়। একই সাথে ‘Applied ICT Master Trainer' I `In-House Teacher Training’-এর কনসেপ্ট নোট নিয়েও আলোচনা করা হয়।
সভায় ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট ফাহমিদা শবনম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস এবং শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement