প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতি করছে সরকার : ডা. শফিক

নিজস্ব প্রতিবেদক 

Advertisement

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মেধাকে সম্মান দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ আহ্বান জানান। বিরোধীদলীয়  নেতা বলেন, সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরি প্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়। তিনি আরো বলেন, ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এ অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কুটতৎপরতা জনগণ সহ্য করবে না।
জামায়াত আমির বলেন, জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারো সোচ্চার হতে হবে। ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। ছাড় দেয়ার কোনো অবকাশ নেই।
মিরপুরে হামলার প্রতিবাদ : শুক্রবার মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে জানিয়ে আরেক ফেসবুক পোস্টে বিরোধীদলীয় নেতা বলেন, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট চালানোর পর সেটি গুঁড়িয়ে দেয়। 
তিনি বলেন, এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।
বিরোধীদলীয় নেতা প্রশ্ন তোলেন, কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এ সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিলো।
তিনি বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করছে। অন্য দিকে চলছে এ খেলা। আর কত দিন এ ধরনের খেলা চলবে? দুষ্কৃতকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে।